ডানকুনিতে দুর্ঘটনার কবলে শতরূপ ঘোষ, কেমন আছেন বাম নেতা?

ডানকুনি টোল প্লাজার কাছে দুর্ঘটনার কবলে পড়লেন সিপিআইএম নেতা শতরূপ ঘোষ। জানা গিয়েছে, তাঁর গাড়িতে পিছন থেকে একটি লরি ধাক্কা মারে। দুর্ঘটনায় গাড়িটি ক্ষতিগ্রস্ত হলেও আপাতত শারীরিকভাবে সুস্থ রয়েছেন তরুণ বাম নেতা।ঘটনার পর স্বাভাবিকভাবেই উদ্বেগ ছড়ায় তাঁর পরিচিত ও দলীয় মহলে। তবে প্রাথমিকভাবে পাওয়া খবর অনুযায়ী, শতরূপ ঘোষের গুরুতর কোনও আঘাত লাগেনি। দুর্ঘটনাটি ঠিক কীভাবে ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্কঃ

জানা গিয়েছে,এ দিন দুপুর দুটো নাগাদ সিপিএম নেতার গাড়ি কলকাতা থেকে বর্ধমানমুখী লেন ধরে বাঁকুড়ার সোনামুখী যাচ্ছিল। বাঁকুড়ার সোনামুখিতে দলীয় কর্মসূচিতে যাওয়ার সময় ডানকুনি টোল প্লাজা পার করার সময় একটি লরি এসে সিপিআইএম নেতা শতরূপ ঘোষের গাড়ির পিছনে ধাক্কা মারে। ওই সময় লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁর গাড়িতে ধাক্কা মারে। ফলে গাড়িটির বাঁদিক ক্ষতিগ্রস্থ হয়। এরপরে বেশ কিছুটা রাস্তা লরিটি শতরূপের গাড়িটিকে ঠেলতে ঠেলতে নিয়ে যায়।

দুর্ঘটনার কবলে পড়তেই ডানকুনি থানায় অভিযোগ দায়ের করেন বাম নেতা। জানা যাচ্ছে শতরূপ ঘোষের গাড়িতে চারজন ছিলেন, তবে তাঁদের কোনরকম আঘাত লাগেনি। ওই ঘাতক লরিটিকে আটক করেছে ডানকুনি থানার পুলিশ। চালকের দাবি, তিন দিন লকআপে কাটিয়ে ট্রাকটিকে থানা থেকে ছাড়িয়ে ফিরছিলেন। ওই সময়ই দুর্ঘটনা ঘটে। তবে ঘটনার পর শতরুপ জানিয়েছেন, “এটা নিছক দুর্ঘটনা না অন্য কিছু সেটা খতিয়ে দেখুক পুলিশ।”

এর আগেও একবার দুর্ঘটনার কবলে পড়েছিল শতরূপের গাড়ি, ২০২৩ সালে আলিপুর রোডের সিগন্যালে দাঁড়িয়ে থাকাকালীন পিছন থেকে একটি গাড়ি ধাক্কা মারে শতরূপের গাড়িতে। সেই ঘটনায় গাড়ির সামনের অংশ অল্প ক্ষতিগ্রস্ত হয়েছিল।