নেপালের বিপর্যয়ের পর সতর্ক সিকিম, নজরে ১৬ হিমবাহ হ্রদ।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক : নেপালের ভয়াবহ হিমবাহ-জনিত বিপর্যয়ের পর গ্লেসিয়াল লেক আউটবার্স্ট ফ্লাড (GLOF) নিয়ে নতুন করে সতর্ক সিকিম। রাজ্যের ৪০০-রও বেশি ছোট-বড় হিমবাহ হ্রদের মধ্যে ১৬টিকে ‘অত্যন্ত ঝুঁকিপূর্ণ’ হিসাবে চিহ্নিত করা হয়েছে। তার মধ্যে ১৩টি উত্তর সিকিমে এবং তিনটি পশ্চিম সিকিমে। এই হ্রদগুলির জলস্তর ও জলের পরিমাণের পরিবর্তনের উপর নিয়মিত নজরদারি চলছে বলে জানিয়েছেন সিকিমের স্টেট রিলিফ কমিশনার রিনজিং চেওয়াং।
ঝুঁকিপূর্ণ হ্রদগুলির অধিকাংশেই বসানো হয়েছে সেন্সর। পাশাপাশি উত্তর সিকিমের একাধিক এলাকায় চালু করা হয়েছে স্বয়ংক্রিয় আবহাওয়া কেন্দ্র এবং আগাম সতর্কতা ব্যবস্থা। হ্রদের জলস্তর অস্বাভাবিক ভাবে বাড়লে যাতে দ্রুত প্রশাসনকে সতর্ক করা যায়, সেই ব্যবস্থাই জোরদার করা হয়েছে।
নেপালের সাম্প্রতিক বিপর্যয়ের সঙ্গে ২০২৩ সালের সিকিমের সাউথ লোনাক হিমবাহ-দুর্যোগের মিলও টেনেছেন চেওয়াং। তাঁর কথায়, সাউথ লোনাক হ্রদে হিমবাহের একটি বড় অংশ ভেঙে পড়ে বিপুল পরিমাণ জল নেমে এসেছিল। তার ফলেই ভয়াবহ বন্যার আকার নিয়েছিল। ওই ঘটনার পর GLOF-এর ঝুঁকি নিয়ে বিস্তারিত সমীক্ষা করে নিজেদের প্রস্তুতি আরও বাড়িয়েছে সিকিম। নেপালের প্রয়োজনে সেই অভিজ্ঞতা ভাগ করে নিতেও প্রস্তুত রাজ্য।

এ দিকে বিপর্যস্ত নেপালের পাশে দাঁড়িয়ে ত্রাণ পাঠিয়েছে সিকিম। সোমবার মুখ্যমন্ত্রী প্রেম সিং গোলে চিকিৎসক-সহ স্বেচ্ছাসেবকদের একটি দলকে ত্রাণসামগ্রী নিয়ে নেপালের উদ্দেশে রওনা করান। দলের সদস্যেরা দুর্গত এলাকা পরিদর্শন করে পরিস্থিতি খতিয়ে দেখবেন এবং প্রয়োজন হলে উদ্ধার ও ত্রাণকাজে স্থানীয় প্রশাসনকে সাহায্য করবেন।
সিকিম স্টেট ডিজ়াস্টার ম্যানেজমেন্ট অথরিটির তিন আধিকারিকও এই দলে রয়েছেন। তাঁদের মধ্যে দু’জন ডেপুটি ডিরেক্টর। ২০২৩-এর বিপর্যয়ের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে হিমবাহ হ্রদগুলির বৈজ্ঞানিক পর্যবেক্ষণ, আগাম সতর্কতা এবং ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের প্রয়োজনে সরিয়ে নেওয়ার পরিকল্পনাতেও জোর দিচ্ছে সিকিম।