এসআইআর তরজা তুঙ্গে, কমিশনের দ্বারস্থ শুভেন্দু

এসআইআর মৃত্যুকে হাতিয়ার তৃণমূলের, সব সুইসাইড নোট ভুয়ো- দাবি শুভেন্দুর

মাম্পি রায়, সাংবাদিক: এসআইআর আতঙ্কে একাধিক মৃত্যু হয়েছে বলে কেন্দ্রকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বলেছেন, ”বৈধ ভোটারের নাম বাদ গেলে মানুষজনকে দিল্লি পর্যন্ত নিয়ে গিয়ে ধর্না দেব।” এই ইস্যুতে ইতিমধ্যে মঙ্গলবার রাজপথেও নামেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেইসব সুইসাইড নোটকে এককথায় ভুয়ো বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু বলেন, “অত্যন্ত দুঃখজনক ঘটনা। কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলছি, প্রমাণ করে দেব। ওই সুইসাইড নোট ভুয়ো। গাছ থেকে পড়ে, জলে ডুবে, বাজ পড়ে মৃত্যু হলেও বলা হচ্ছে, এসআইআর আতঙ্গে মারা গিয়েছেন। এদের মিথ্যা লগ্নে জন্ম হয়েছে।”

এই অভিযোগ জানাতে মঙ্গলবার চিফ ইলেকশন অফিসারের দফতরের দ্বারস্থ হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন,  ”ওরা মিসলিড করছে বাবা-মায়ের জায়গায় অন্য আত্মীয়র কথা লেখা হচ্ছে অনেক ফর্মে। কিন্তু সিইও বলেছেন যে মা-বাবা-ঠাকুমা-ঠাকুরদার বাইরে যদি কেউ লিখেও দেন তাহলে নির্বাচন কমিশনের যে আধুনিক সফটওয়ার আছে তাতে বাউন্স হবে। যে জাগলারিগুলো একাংশ বিএলও-দের নিয়ে বিডিওরা আইপ্যাককে সঙ্গে নিয়ে মনোজ পন্থের নেতৃত্বে ও মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই কাজ করছেন। নির্বাচন কমিশনের কিছু মানুষও খবর পাচার করছেন, ডিএমও আছে। এই সব দিয়েছি। নতুন বার্থ সার্টিফিকেট কাজে লাগবে না।”

শুভেন্দু আরও বলেন, ”আইপ্যাকে তৃণমূলের একটা চিটিৎবাজদের টিম রয়েছে। সেই চিটিংবাজগুলি বিভিন্ন স্তরের কাউন্সিলর, পঞ্চায়েত এবং ছোট-ছোট মাতব্বরদের মাধ্যমে বাড়িতে এসআইআর এর ফর্ম বিতরণ হবে তাতে মৃত ব্যক্তি থাকলেও তাঁকে জীবিত বলে লেখার জন্য বলছেন, সেই তথ্যও আমাদের কাছে রয়েছেন। সেটাও আমরা জানিয়ে দিয়েছি। উদাহরণ হিসাবে কমিশনকে দেখিয়েছি, জমাও দিয়েছি।”

শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিয়ে বলেন, ”বাংলাদেশি মুসলিম ও রোহিঙ্গাদের ভোটার তালিকায় রাখতে চেয়েছে তৃণমূল সেটা হবে না। ৪৩২জন বিএলও-র বিরুদ্ধে অভিযোগ উঠেছে। তাদের মধ্যেই অনেকেই জেল খাটছে। ফলে এখানে বলে দেব মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে কাজ করলে কিছু লাভ হবে না।”

এসআইআর নিয়ে সমস্যা শোনার জন্য বিজেপির একটি হেল্পলাইন নম্বরও জারি করেন শুভেন্দু অধিকারী। হেল্পলাইন নম্বরটি হল- ০৮০-৬৫৯০-৭৪৫৪। তিনি বলেন ”ওয়ার্কিং আওয়ারে হেল্পলাইন নম্বরে এই যোগাযোগ করতে পারেন। এটি ভারতীয় জনতা পার্টির রাজ্য স্তরের হেল্পলাইন নম্বর। আগামী কয়েকদিনের মধ্যে জেলা স্তরের হেল্পলাইন নম্বরও জারি করা দেব।”

এসআইরের প্রতিবাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজপথে নামার বিষয়টিকেও কটাক্ষ করতে ছাড়েননি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ”অম্বেদকরের মূর্তির সামনে থেকে তৃণমূলের যে মিছিল হচ্ছে, এটা কোনও ভারতীয় বা রাষ্ট্রবাদীদের মিছিল নয়। এটা হল জামাতিদের মিছিল, বাংলাদেশিদের মিছিল। যত বাংলাদেশি, অনুপ্রবেশকারী মুসলমান বাংলাদেশ থেকে আসছে, এটা তাদের মিছিল।”

মঙ্গলবারই কলকাতা উত্তর শহরতলী জেলা বিজেপির ডাকে, বহু কর্মী সমর্থক ও মাতৃশক্তিদের সাথে নিয়ে সোদপুর ট্রাফিক মোড় থেকে বিটি রোড আগরপাড়া তেঁতুলতলা মোড় পর্যন্ত পরিবর্তন যাত্রায় পা মেলান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তৃণমূল সরকারের তোষণ, মিথ্যাচার, নৈরাজ্য ও অপশাসনের প্রতিবাদে এই মিছিল বলে দাবি বিজেপির। ডিটেক্ট, ডিসিট ও ডিপোর্ট, জলদি ভাগো, নো এসআইআর-নো ভোট, বাংলাদেশি মুসলিম রোহিঙ্গা হঠাও, এমনই সব প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় নামে বিজেপি নেতৃত্ব।