অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালনকে কেন্দ্র করে কালীঘাটে অশান্তির ঘটনায় এ বার কড়া অবস্থান নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুলিশের গায়ে হাত তুললে কাউকে রেয়াত করা হবে না বলে স্পষ্ট হুঁশিয়ারি দিলেন তিনি। তাঁর বার্তা, পুলিশকে মারধর, হুমকি কিংবা সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনায় ‘জিরো টলারেন্স’ নীতি নিয়েই চলবে প্রশাসন। একই সঙ্গে কালীঘাটে অশান্তির নেপথ্যে একবালপুরের লোকজনের যোগ থাকারও দাবি করেছেন মুখ্যমন্ত্রী।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক
সোমবার দিঘায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন, ‘‘পুলিশকে চড় মারলে, চোখ রাঙালে, মারতে গেলে কিংবা হুমকি দিলে যে ধারায় মামলা হওয়া উচিত, সেই ধারাতেই সবার বিরুদ্ধে মামলা হওয়া উচিত।’’ তাঁর দাবি, ওই ঘটনায় কয়েক জন পুলিশকর্মী আহত হয়েছেন। তাঁদের শারীরিক পরীক্ষাও করানো হয়েছে। সরকারি কাজে বাধা দেওয়ার ভিডিয়ো খতিয়ে দেখে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
মুখ্যমন্ত্রীর কথায়, ‘‘চার্জশিট হবে, কাস্টডি ট্রায়ালও হবে। কাউকে ছাড়া হবে না।’’ তিনি আরও জানান, পুরো ঘটনায় পুলিশকে কড়া হাতে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত শুক্রবার রাত থেকে শনিবার দিনভর অভিষেকের জন্মদিন পালনকে কেন্দ্র করে দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে কালীঘাট। পরিস্থিতি সামাল দিতে গিয়ে আক্রান্ত হওয়ার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। পুলিশ ইতিমধ্যেই দু’টি স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে। তার মধ্যে একটি মামলায় অভিষেকের নাম রয়েছে। ঘটনায় দু’জনকে গ্রেফতারও করা হয়েছে। ধৃতেরা কালীঘাট-তৃণমূলের নেতা বলে দাবি করা হয়েছে।
তবে তাঁদের গ্রেফতারি নিয়ে প্রশ্ন তুলেছেন ডায়মন্ড হারবারের সাংসদ। পুলিশ ও বিজেপির বিরুদ্ধে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও।
এ দিন অশান্তির পিছনে স্থানীয় বাসিন্দাদের যোগের অভিযোগও খারিজ করেন শুভেন্দু। তাঁর দাবি, ধৃতেরা হরিশ চ্যাটার্জি বা হরিশ মুখার্জি রোডের বাসিন্দা নন, তাঁরা একবালপুরের লোক। রাত ২টো নাগাদ একবালপুর থেকে বিশেষ কিছু লোক অভিষেকের বাড়ির সামনে কী করতে গিয়েছিলেন, সেই প্রশ্নও তুলেছেন মুখ্যমন্ত্রী।