২০ জুলাইয়ের সংসদ অভিযানের পর অনশন ভাঙার ইঙ্গিত সোনম ওয়াংচুকের, ‘দেশবাসী কর্মসূচি সফল করুন।’

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক : টানা ২০ দিন ধরে দিল্লির যন্তর-মন্তরে আমরণ অনশনে রয়েছেন সমাজকর্মী সোনম ওয়াংচুক। শিক্ষামন্ত্রীর পদত্যাগ-সহ পাঁচ দফা দাবিতে শুরু হওয়া এই আন্দোলনের জেরে তাঁর শারীরিক অবস্থা ক্রমেই সংকটজনক হয়ে উঠেছে। চিকিৎসকদের আশঙ্কা, যে কোনও সময় একাধিক অঙ্গ বিকল হয়ে যেতে পারে। এরই মধ্যে একটি ভিডিও বার্তায় ২০ জুলাইয়ের সংসদ অভিযানের পর অনশন ভাঙার ইঙ্গিত দিলেন ওয়াংচুক। তবে তার আগে দেশবাসীর কাছে ওই কর্মসূচি সফল করার আবেদন জানিয়েছেন তিনি।
চিকিৎসকদের মতে, গত ২০ দিনের অনশনে ওয়াংচুকের প্রায় ৯ কেজি ওজন কমেছে। শরীরের মেদ তো বটেই, পেশিও ক্ষয় হতে শুরু করেছে। শুক্রবার সকালে স্বাস্থ্য পরীক্ষা শেষে সরকারি চিকিৎসকেরা জানান, তাঁর শারীরিক পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। যদিও ভিডিও বার্তায় ওয়াংচুক বলেন, ‘‘আমার শরীর দুর্বল ঠিকই, কিন্তু আগামী তিন-চার দিনের মধ্যেই মৃত্যু হবে, এমন পরিস্থিতি এখনও তৈরি হয়নি।’’

দেশজুড়ে বহু মানুষ তাঁর অনশন প্রত্যাহারের আবেদন জানালেও আপাতত আন্দোলন চালিয়ে যাওয়ার পক্ষেই সওয়াল করেছেন তিনি। ওয়াংচুকের বক্তব্য, ‘‘২০ জুলাইয়ের সংসদ অভিযান সফল হলে তবেই আমি শান্তিতে অনশন ভাঙতে পারব।’’ কর্মসূচিতে বিপুল সংখ্যায় অংশ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি একটি ফোন নম্বরে মিসড কল দেওয়ার পাশাপাশি একটি ওয়েবসাইটে নাম নথিভুক্ত করার আবেদনও করেছেন। বিশেষ করে মায়েদের এই মিছিলে অংশ নেওয়ার অনুরোধ জানিয়ে তাঁর দাবি, ‘‘সন্তানের প্রতি মায়ের ভালোবাসার মতো শক্তি আর নেই। আমি চাই, মায়েরাই এই মিছিলের নেতৃত্ব দিন।’’
অনশন ভাঙার দাবি প্রসঙ্গে ওয়াংচুক আরও প্রশ্ন তোলেন, ‘‘আমি যদি এখন অনশন ভাঙি, তা হলে সরকারের কাছে কী বার্তা যাবে? জবাবদিহির প্রয়োজন নেই— এটাই কি প্রতিষ্ঠিত হবে?’’ একই সঙ্গে তিনি বলেন, তাঁর ব্যক্তিগত জীবন বা স্বাস্থ্য নয়, বরং যে সব পড়ুয়ার মৃত্যু ও আত্মহত্যার অভিযোগ সামনে এসেছে, সেই বিষয়গুলির ন্যায়বিচার নিশ্চিত করাই তাঁর আন্দোলনের মূল লক্ষ্য।