ঝড়খালির শিশুদের পুজোর নতুন জামা উপহার দিল সোনারতরী ট্রাস্ট

দুর্গাপূজা মানেই নতুন জামার আনন্দ। আর সেই আনন্দই এবার সুন্দরবনের প্রত্যন্ত এলাকা ঝড়খালির অসহায় ছাত্র-ছাত্রীদের মধ্যে পৌঁছে দিল সোনারতরী চ্যারিটেবল ট্রাস্ট। ট্রাস্টের অন্যতম মানবিক প্রকল্প ‘এক টাকার পাঠশালা’-র ছাত্র-ছাত্রীদের জন্য দুর্গোৎসব উপলক্ষে নতুন বস্ত্র প্রদান কর্মসূচির আয়োজন করা হয়। এদিন সংগঠনের সদস্যরা সুন্দরবনের ঝড়খালী এলাকায় পৌঁছে যান এবং ছোট ছোট শিশুদের হাতে নতুন জামা তুলে দেন।

বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা

নতুন জামা হাতে পেয়ে আনন্দে উদ্বেলিত হয়ে ওঠে শিশুরা। শুধু শিশুরাই নয়, তাদের অভিভাবক-অভিভাবিকারাও এই উদ্যোগে অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাদের মুখের হাসিই বলে দিচ্ছিল, উৎসবের আসল আনন্দ ভাগ করে নেওয়ার মধ্যেই।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, নতুন বস্ত্র শুধু একটি পোশাক নয়, এটি সম্মান, ভালোবাসা, আত্মবিশ্বাস ও উৎসবের আনন্দের প্রতীক। সমাজের অবহেলিত ও আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্র-ছাত্রীদের পাশে দাঁড়িয়ে সোনারতরী চ্যারিটেবল ট্রাস্ট প্রমাণ করছে যে, মানুষের প্রকৃত পরিচয় তার সম্পদে নয়, বরং তার মানবিকতায়।এদিনের এই মহৎ কর্মযজ্ঞে যাঁরা নিজেদের মূল্যবান সময়, অর্থ ও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, তাঁদের প্রত্যেকের প্রতি আন্তরিক শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়েছে ট্রাস্ট কর্তৃপক্ষ।