স্রেফ দুর্ঘটনাবশত এই বিস্ফোরণ নাকি অন্য কোনও সন্ত্রাসী ছক রয়েছে এই বিস্ফোরণের পিছনে? ভাবাচ্ছে গোয়েন্দাদের।

মাম্পি রায়, সাংবাদিক: রাজধানী দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে বিস্ফোরণের ক্ষত এখনও টাটকা দিল্লিবাসীদের মনে। এরইমধ্যে এবার জম্মু-কাশ্মীরের রাজধানী শ্রীনগরের নওগাম থানায় বিস্ফোরণ। ঘটনায় অন্তত ৯জনের মৃত্যু হয়েছে। গুরুতর জখম ২৯জন। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে কয়েক কিলোমিটার দূরেও এর প্রভাব পড়েছে। আশেপাশের ঘরের দেওয়ালও হেলে পড়েছে।
হরিয়ানার ফরিদাবাদ থেকে হোয়াইট কালার টেরর মডিউলের সঙ্গে যুক্ত বিপুল পরিমাণ বিস্ফোরক বাজেয়াপ্ত করেছিল পুলিশ এবং ফরেন্সিক দল। সেই সংক্রান্ত মামলায় বিস্ফোরণের স্যাম্পেল বের করার প্রক্রিয়া চলছিল শ্রীনগরের নওগামে। ঠিক সেইসময়ে বিস্ফোরণ হয়। পুরো থানা চত্বরে আগুন ছড়িয়ে পড়ে। ঘটনায় ৯জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ৮জন তদন্তকারী দলের সদস্য। ডিজিপি স্পষ্ট করে দিয়েছেন, দুর্ঘটনাবশত এই বিস্ফোরণ ঘটেছে। এর সঙ্গে অন্য কোনও ঘটনা যুক্ত করাটা ঠিক নয়। বিস্ফোরণে মৃতদের মধ্যে ছিলেন- এসআইএ-র এক কর্মী, এফএসএল টিমের ৩সদস্য, ক্রাইম সিন ফটোগ্রাফি টিমের ২জন সদস্য, ম্যাজিস্ট্রেট টিমের ২ রাজস্ব আধিকারিক এবং একজন দর্জিও ছিলেন। যিনি ওই তদন্তকারীদের সঙ্গে কাজ করছিলেন। এছাড়া ২৭জন পুলিশকর্মী, ২ রাজস্ব আধিকারিক এবং ৩ নাগরিক জখম হয়েছেন। তাঁদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ডিজিপি জানিয়েছেন, ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির টিম ১৩ ও ১৪ নভেম্বর খুবই সাবধানতা অবলম্বন করে তদন্ত করছিলেন। কারণ ওইসব বিস্ফোরক খুবই সংবেদনশীল ছিল। শুক্রবার রাত ১১.২০ নাগাদ ওই তদন্তপ্রক্রিয়া চলাকালীন দুর্ঘটনাবশত বিস্ফোরণ ঘটে।

জম্মু-কাশ্মীরের ডিজিপি নলিন প্রভাত জানিয়েছেন, নওগাম থানায় বিস্ফোরণের বিষয়ে বলতে গিয়েছে জানিয়েছেন, ৯ ও ১০ নভেম্বর ফরিদাবাদ থেকে বাজেয়াপ্ত বিপুল পরিমাণ বিস্ফোরক, রাসায়নিক এবং বিকারক নিয়ে জম্মু-কাশ্মীরের নওগাম থানার খোলা জায়গায় সুরক্ষিতভাবে রাখা হয়েছিল। এইসব বিস্ফোরক সামগ্রীর নমুনা ফরেন্সিক ও রাসায়নিক বিশ্লেষণের জন্য পাঠানো হয়েছিল। কিন্তু ওই বিস্ফোরক যেহেতু বিপুল পরিমাণে মজুত করা ছিল, তাই আরও বেশি সাবধানতার প্রয়োজন ছিল।

নওগামের বিস্ফোরণ ইস্যুতে টুইট করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, জম্মু-কাশ্মীরের নওগাম থানায় বিস্ফোরণের কারণে ৯জন প্রাণ হারিয়েছেন। অন্তত ২৪জন জখম হয়েছেন। আহতদের দ্রুত চিকিৎসা এবং ক্ষতিগ্রস্তদের পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে হবে। দিল্লির লালকেল্লার কাছে সন্ত্রাসবাদী হামলার কয়েকদিন পর এধরণের ঘটনা ঘটল। যা আরও বেশি করে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিচ্ছে যে, কেন্দ্রীয় সরকারের গোয়েন্দা সংস্থার তথ্য এবং সন্ত্রাসবিরোধী ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে হবে। এর জবাবদিহি করতে হবে কেন্দ্র সরকারকে। সন্ত্রাসবাদের ক্রমবর্ধমান হুমকি নিয়ে আলোচনার জন্য একটি সর্বদলীয় বৈঠকের প্রয়োজন।

নওগাম বিস্ফোরণে পিডিপি প্রেসিডেন্ট মেহবুবা মুফতি এক্স হ্যান্ডলে পোস্টে লিখেছেন, নওগাম থানায় হওয়া বিস্ফোরণ খুবই দুঃখজনক। মূল্যবাম ৯টি প্রাণ হারিয়েছি আমরা। এর থেকেই স্পষ্ট আমাদের নিরাপত্তাকর্মীরা কতটা কঠিন পরিস্থিতির মধ্যে কাজ করছেন। নিহতদের প্রতি শোকজ্ঞাপন করছি