১০ নম্বর নিয়ে বিভ্রান্তি, জল গড়ালো আদালতে।

ষষ্ঠী চট্টোপাধ্যায়, নিজস্ব সংবাদদাতা: নতুন নিয়োগ বিধিকে ঘিরে ফের বিতর্কে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। একাদশ–দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে অভিজ্ঞতার জন্য অতিরিক্ত ১০ নম্বর বরাদ্দ নিয়ে শুরু হয়েছে জট। এই নিয়মের বৈধতা নিয়ে এবার কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করলেন একদল যোগ্য প্রার্থী।
মামলাকারীদের মধ্যে রয়েছেন বিশ্বজিৎ বিশ্বাস-সহ একাধিক যোগ্য প্রার্থী। তাঁদের পক্ষের আইনজীবী আশীষ কুমার চৌধুরী জানিয়েছেন, নবম–দশম এবং একাদশ–দ্বাদশ শ্রেণির শিক্ষকদের একাডেমিক যোগ্যতা যেমন আলাদা, তেমনই অভিজ্ঞতাও আলাদা। সেই ক্ষেত্রে নবম–দশম শ্রেণির শিক্ষকরা যদি একাদশ–দ্বাদশ শ্রেণির শিক্ষক পদের জন্য আবেদন করেন, তাহলে তাদের অভিজ্ঞতার জন্য ১০ নম্বর পাওয়া নিয়মবহির্ভূত।
আইনজীবীর বক্তব্য, নিয়োগ সংক্রান্ত রুলে স্পষ্ট বলা আছে—যে পদের জন্য নিয়োগ হবে, সেই পদের কাজের অভিজ্ঞতার ভিত্তিতেই অতিরিক্ত ১০ নম্বর দেওয়া যেতে পারে। তাহলে নবম–দশম শ্রেণির পড়ানোর অভিজ্ঞতা দিয়ে কীভাবে একাদশ–দ্বাদশ শ্রেণির শিক্ষকতার নিয়োগে প্রার্থীকে নম্বর দেওয়া যায়, সেই প্রশ্নই তুলেছেন আবেদনকারীরা।
অভিযোগ আরও, যাঁরা ইতিমধ্যেই ছয়–সাত বছর ধরে শিক্ষকতা করছেন, তাঁদের ‘শিক্ষণ দক্ষতা’ যাচাইয়ের জন্য ফের নম্বর নির্ধারণ করা অত্যন্ত অপমানজনক। তাঁদের দাবি, সরকার বা এসএসসি কোনওভাবেই একজন কর্মরত শিক্ষকের শিক্ষণ যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলতে পারে না। তাই অভিজ্ঞ শিক্ষকদের শিক্ষণ যোগ্যতা পুনর্মূল্যায়ন না করে সরাসরি ওই ১০ নম্বর দেওয়া হোক।
মামলাকারীদের অভিযোগ, নিয়োগ প্রক্রিয়া চলাকালীন এসএসসি বারবার নিয়ম বদল করছে। সুপ্রিম কোর্টের রিভিউ পিটিশনের নির্দেশ অনুযায়ী যোগ্য শিক্ষকদের জন্য বিশেষ সুবিধা কীভাবে দেওয়া হবে, তা নিয়েও এখনও কোনও স্পষ্ট বার্তা দেয়নি কমিশন।
সোমবার বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই মামলার শুনানি হয়। মামলার গুরুত্ব বিচার করে বিচারপতি নির্দেশ দেন—সমস্ত পক্ষ নিজেদের স্বপক্ষে লিখিত বক্তব্য বিনিময় করবেন। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে আগামী ১২ নভেম্বর।