বিচারপতি শুভ্রা ঘোষ জানান, আগামী ৬ আগস্ট পর্যন্ত স্থিতাবস্থা বজায় থাকবে।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক : আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দলীয় কার্যালয় ভাঙার উপর স্থিতাবস্থা বজায় রাখল কলকাতা হাইকোর্ট। বিচারপতি শুভ্রা ঘোষ জানান, আগামী ৬ আগস্ট পর্যন্ত স্থিতাবস্থা বজায় থাকবে। ওই দিন দুপুর ২টোয় মামলার শুনানি হবে। এর আগে রবিবার ছুটির দিনে আদালত বসিয়ে সেখানে ভাঙার উপর স্থিতাবস্থা জারি করেছিল হাইকোর্ট।
মঙ্গলবার রাজ্যের পক্ষ থেকে ওই স্থিতাবস্থা তুলে নেওয়ার জন্য নতুন করে আবেদন করেন। অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্র জানান, মামলায় অন্তর্বতী নির্দেশ প্রত্যাহারের আবেদন করা হয়েছে। ওই বিষয়ে দ্রুত শুনানি করা হোক।
উল্টো দিকে, লিপস্ অ্যান্ড বাউন্ডসের পক্ষ থেকে অন্তর্বতী নির্দেশের মেয়াদ বৃদ্ধির আবেদন করেন আইনজীবী কিশোর দত্ত।
তৃণমূলের পক্ষ থেকেও ওই ভাঙার বিরুদ্ধে নতুন করে আবেদন করেন আইনজীবী অয়ন ভট্টাচার্য। রাজ্যের বক্তব্য, সেখানকার ৫০৯ এবং ৫১২ নম্বর দাগ জমির উপর নির্মাণ ভাঙা নিয়ে মামলা দায়ের হয়েছে। অথচ সেখানে কোনও ভাঙার কাজ হয়নি। ভাঙা হয়েছে ৫০৭ নম্বর দাগে। ফলে আদালতের আগের স্থিতাবস্থার নির্দেশ প্রত্যাহার করা উচিত।
কিশোর দত্ত জানান, জমির দাগ নম্বর নিয়ে যে বিতর্ক রয়েছে ওই বিষয়ে বক্তব্য জানানো হবে। আমার মক্কেল জমির মালিক। ভাঙার আগে ওই সংস্থাকে কোনও নোটিস দেওয়া হয়নি। এমনকি অভিযোগে কী ছিল, কোন নথির ভিত্তিতে বেআইনি নির্মাণ বলা হয়েছে সেই সব তথ্য দেওয়া হয়নি। কোনও বক্তব্যের সুযোগ না দিয়েই ভাঙা হয়েছে।
যদি বেআইনি নির্মাণ হয়েও থাকে তবে প্রথমে জমির মালিককেই ভাঙার জন্য সময় দেওয়া উচিত। তিনি না ভাঙলে তখন কর্তৃপক্ষ পদক্ষেপ করতে পারত। এ ক্ষেত্রে সেটিও হয়নি।
এর পরেই বিচারপতি ঘোষ জানান, এই মামলায় তিনটি আলাদা আবেদন জমা পড়েছে। সেগুলি নিয়ে একত্রে শুনানি করা প্রয়োজন। তাই আপাতত মামলার শুনানি মুলতুবি রাখা হল। আগামী ৬ আগস্ট এই মামলার শুনানি হবে।