স্বচ্ছ নির্বাচনের লক্ষ্যে নাকা তল্লাশি

শুক্রবার বেলা বারোটা নাগাদ বকুলতলা থানার অন্তর্গত বুড়োরঘাট নাকা চেকিং ক্যাম্পে তল্লাশি চলাকালীন এক ব্যক্তির মোটরবাইক থেকে উদ্ধার হয় মোটা টাকা।

বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা : জয়নগরে নাকা তল্লাশিতে এক বাইক আরোহীর কাছ থেকে উদ্ধার মোটা অঙ্কের টাকা। এই টাকা ওই ব্যক্তি কোথা থেকে সংগ্রহ করেছে এবং কোথায় নিয়ে যাচ্ছিল তা জানার চেষ্টা করছে পুলিশ।

স্বচ্ছ নির্বাচনের লক্ষ্যে নজরদারি বাড়াতে সারা রাজ্যের পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন থানার অন্তর্গত গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে মোড়ে তৈরি করা হয়েছে নাকা চেকিং ক্যাম্প। সারাক্ষণ টহল দিচ্ছে অত্যাধুনিক PTZ ক্যামেরা সহ SST ও FST দলের বিশেষ গাড়ি।

শুক্রবার বেলা বারোটা নাগাদ বকুলতলা থানার অন্তর্গত বুড়োরঘাট নাকা চেকিং ক্যাম্পে তল্লাশি চলাকালীন এক ব্যক্তির মোটরবাইক থেকে উদ্ধার হয় মোটা টাকা। SST অর্থাৎ স্ট্যাটিক সার্ভেলিয়েন্স টিম এর ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এই নাকা তল্লাশি চলাকালীন ওই বাইক আরোহী ব্যাগ থেকে উদ্ধার হয় নগদ তিন লক্ষ ছিয়ানব্বই হাজার টাকা। পুলিশ সূত্রে জানা যায় ওই বাইক আরোহির নাম জুলফিকার শেখ, বাড়ি উস্তি থানার অন্তর্গত শেরপুর এলাকায়। নাকা তল্লাশি চলাকালীন পুলিশি জেরায় ওই ব্যক্তির কথায় অসংগতি থাকায় পুলিশ উদ্ধারকৃত টাকা আটক করে। পাশাপাশি ওই টাকা জুলফিকার কোথা থেকে সংগ্রহ করেছিল এবং কোথায় নিয়ে যাচ্ছে তা জানার চেষ্টা করছে পুলিশ।