হঠাৎ বৃষ্টি কলকাতায়।কলকাতা ও শহরতলির আকাশে বজ্রগর্ভ মেঘের সঞ্চারে তুমুল বৃষ্টি এবং ঘনঘন বজ্রপাত হচ্ছে কলকাতায়,বেশ কিছু জায়গায় জল জমে গিয়েছে। আপাতত ঘনঘন বজ্রপাতের জন্য সাধারণ মানুষকে কংক্রিটের নীচে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

আর প্লাস নিউজ ডিজিটাল ডেস্ক
হঠাৎ কী কারণে এই বৃষ্টি? হাওয়া অফিসের তরফে জানা যাচ্ছে বর্ষা বিদায়ের লগ্নে নিম্নচাপ অক্ষরেখার জেরে এই তুমুল বৃষ্টি। ওড়িশা থেকে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে এই অক্ষরেখা। এর জেরেই বৃষ্টি । সল্টলেক, নিউটাউন ও পূর্ব কলকাতার আকাশের উপরেই রয়েছে এই বজ্রগর্ভ মেঘ। এর জেরে তুমুল বৃষ্টি যেমন হচ্ছে,সাথে সাথে ঘনঘন বাজ পড়ছে। আবহবিদরা বলছেন, এই সময়ে খুব দরকার না পড়লে কেউ যেন বাড়ি থেকে বের না হন। বার বার সতর্ক করছেন তাঁরা।
আজ বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুজো সামনে তাই আজ রবিবার স্বাভাবিকভাবেই পুজোর কেনাকাটা করতে ব্যস্ত সবাই, এই অসময়ে বৃষ্টি ব্যাঘাত ঘটাচ্ছে স্বাভাবিক ভাবেই।এই মুহূর্তে কমলা সতর্কতা জারি করা হয়েছে উত্তর ২৪ পরগনায়। কলকাতাতেও ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি হয়েছে।
পুজোর মুখেই একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরের উপরে। এই নিম্নচাপের অভিমুখ এখনও জানা যায়নি। তবে বাংলার দিকে অভিমুখ হলে পুজোর সময় ভাসাতে পারে।আপাতত নিম্নচাপ বিদায়ের অপেক্ষায় বঙ্গবাসী।