খোরপোশ মামলায় সুপ্রিমকোর্টে হাসিন জাহান

“৪ লক্ষ টাকা খোরপোশ যথেষ্ট নয়”, মহম্মদ শামির মতামত চাইল শীর্ষ আদালত

ষষ্ঠী চট্টোপাধ্যায়, সাংবাদিক:  খোরপোশ মামলায় ফের নতুন মোড়। প্রাক্তন স্ত্রী হাসিন জাহানের আবেদনের পরিপ্রেক্ষিতে ভারতীয় দলের তারকা পেসার মহম্মদ শামির মতামত জানতে চাইল সুপ্রিম কোর্ট।

বর্তমানে আদালতের নির্দেশে প্রাক্তন স্ত্রী হাসিন জাহান ও নাবালিকা মেয়ের জন্য মাসে ৪ লক্ষ টাকা দেন শামি। এর মধ্যে দেড় লক্ষ টাকা স্ত্রীর খরচের জন্য এবং আড়াই লক্ষ টাকা মেয়ের খরচ বাবদ নির্ধারিত। চলতি বছরের জুন মাসে এই রায় দিয়েছিল কলকাতা হাইকোর্ট।

তবে সেই রায়ে সন্তুষ্ট নন হাসিন। তাঁর দাবি, মাসিক খোরপোশের অঙ্ক আরও বাড়ানো উচিত। অভিযোগ, শামি নিয়মিত সময়ে টাকা পাঠান না। এমনকি নিজের মেয়েকে বঞ্চিত করে ‘অন্য মহিলার সন্তান’-এর জন্য বিপুল অর্থ ব্যয় করছেন বলেও অভিযোগ তুলেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়ে হাসিন লেখেন, “আমার মেয়ের বাবা একজন কোটিপতি। কিন্তু সে অন্য মহিলাদের সঙ্গে লাম্পট্যে ব্যস্ত। নিজের রক্ষিতার সন্তানকে সেরা স্কুলে ভর্তি করছে, বিজনেস ক্লাসে ভ্রমণ করাচ্ছে, কিন্তু মেয়ের পড়াশোনার ক্ষেত্রে তার অভাব দেখা দেয়।”

এই অভিযোগের ভিত্তিতেই খোরপোশের অঙ্ক বাড়ানোর আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছেন হাসিন। শুক্রবার শুনানিতে শীর্ষ আদালতের বেঞ্চ পর্যবেক্ষণ করে, “মাসে ৪ লক্ষ টাকাও কি যথেষ্ট নয়?” আদালতের মন্তব্য, হাই কোর্ট যে অঙ্ক নির্ধারণ করেছে তা মোটেই কম নয়।

তবু আদালত শামির কাছে নোটিস পাঠিয়েছে, তাঁর বক্তব্য জানাতে হবে। ডিসেম্বর মাসে ফের শুনানি হবে এই মামলার।