২ হাজারের বেশি ইউপিআই লেনদেনে ‘এমডিআর’, এই চার্জের আইনি ভিত্তি কী জানতে চাইল সুপ্রিম কোর্ট।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক : ২ হাজার টাকার বেশি নির্দিষ্ট ইউপিআই লেনদেনে মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) চালুর নতুন কাঠামোয় আপাতত স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট। তবে এই চার্জের আইনি ভিত্তি কী, তা নিয়ে কেন্দ্র, রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই) এবং ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (এনপিসিআই)-র কাছে জবাব চেয়েছে শীর্ষ আদালত। চার সপ্তাহের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।
প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনা-র বেঞ্চে সোমবার এই মামলার শুনানি হয়। আইনজীবী অঞ্জন দত্ত নতুন এমডিআর কাঠামোকে চ্যালেঞ্জ করে আবেদন করেছিলেন।
শুনানিতে আদালত জানতে চায়, এই টাকা আদায়ের আইনি ভিত্তি কী। কেন্দ্রের হয়ে অতিরিক্ত সলিসিটর জেনারেল এন ভেঙ্কটরামন জানান, এমডিআর কোনও কর বা সরকারের আদায় করা ফি নয়। ইউপিআই লেনদেনের সঙ্গে যুক্ত ব্যাঙ্ক, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার-সহ বিভিন্ন অংশীদারের মধ্যে এই অর্থ ভাগ হবে।
নতুন কাঠামো নিয়ে সাধারণ ইউপিআই ব্যবহারকারীদের মধ্যেও উদ্বেগ তৈরি হয়েছে। তবে সরকারের বক্তব্য, ২ হাজার টাকার বেশি প্রতিটি ইউপিআই পেমেন্টে গ্রাহককে আলাদা করে টাকা দিতে হবে না। মূলত নির্দিষ্ট ‘পার্সন-টু-মার্চেন্ট’ (P2M) লেনদেনের ক্ষেত্রেই এমডিআর প্রযোজ্য হবে।
যোগ্য লেনদেনে সাধারণ এমডিআর ০.৪ শতাংশ। ৭৫ হাজার টাকা বা তার বেশি লেনদেনের ক্ষেত্রে তা সর্বোচ্চ ৩০০ টাকায় সীমাবদ্ধ থাকবে। যেমন, ১০ হাজার টাকার কোনও লেনদেনের ক্ষেত্রে এমডিআর হবে ৪০ টাকা। তবে এই অর্থ গ্রাহকের কাছ থেকে আলাদা করে নেওয়া যাবে না। ইউপিআই অ্যাপগুলিও নতুন ব্যবস্থার দোহাই দিয়ে কোনও প্ল্যাটফর্ম ফি বা গোপন চার্জ নিতে পারবে না।
দু’জন ব্যক্তির মধ্যে ইউপিআই লেনদেন এবং ২ হাজার টাকা পর্যন্ত মার্চেন্ট পেমেন্টে কোনও এমডিআর থাকবে না। ছোট ব্যবসায়ীদের ক্ষেত্রেও নির্দিষ্ট শর্তে মাসে এক লক্ষ টাকা পর্যন্ত ইউপিআই কিউআর লেনদেনে এমডিআর শূন্য থাকবে। সরকারের হিসাব, প্রায় ৯৬ শতাংশ ইউপিআই মার্চেন্ট লেনদেনই এই পরিবর্তনের বাইরে থাকবে।
তবে রেল, টেলিকম, বিমা, জ্বালানি এবং কৃষি উপকরণের মতো কয়েকটি ক্ষেত্রে ২ হাজার টাকার বেশি লেনদেনে পাঁচ টাকা ফ্ল্যাট এমডিআর ধার্য হবে। মিউচুয়াল ফান্ড, সিকিউরিটিজ়, স্টকব্রোকার-সহ মূলধন বাজার-সংক্রান্ত লেনদেনে এমডিআর হবে ০.০২ শতাংশ, সর্বোচ্চ ৩০০ টাকা পর্যন্ত।
এখন কেন্দ্র, আরবিআই এবং এনপিসিআইয়ের জবাবের দিকেই নজর সুপ্রিম কোর্টের।