এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনায় পাইলটের দোষ! প্রাথমিক রিপোর্টে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট

আমেদাবাদের বিমান দুর্ঘটনার যে প্রাথমিক রিপোর্ট দেওয়া হয়েছিল তাতে ইঙ্গিত ছিল পাইলটের গাফিলতির দিকে, যা নিয়ে যারপরনাই ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট।

সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, নিজস্ব প্রতিনিধিঃ প্রাথমিক তদন্তে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার দায় তদন্তের প্রাথমিক রিপোর্টে পাইলটের উপরেই চাপিয়েছিলেন তদন্তকারীরা। সোমবার সেই তদন্ত নিয়ে প্রশ্ন তুলে দিল সুপ্রিম কোর্ট এর পাশাপাশি এই দুর্ঘটনার কারণ হিসাবে পাইলটের উপর দোষারোপের ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করল সুপ্রিম কোর্ট। এই ঘটনায় কেন্দ্রীয় সরকার ও ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন অর্থাৎ ডিজিসিএকে নোটিশ পাঠিয়ে তাদের মতামত জানতে চাওয়া হয়েছে আদালতের তরফে।

গত ১২ জুন আমেদাবাদ বিমানবন্দর থেকে টেক অফ করার ১২ সেকেন্ডের মধ্যেই গুজরাটের মেঘানিনগরে বিজে মেডিক্যাল কলেজ হস্টেলের উপর ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার বিমান। যে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন ২৪১ জন বিমানযাত্রী ও ক্রু-সহ মোট ২৬০ জন। এর এক মাস পর, ১২ জুলাই এয়ার ইন্ডিয়ার যাত্রী-সহ ২৬০ জনের মৃত্যুর তদন্ত নিয়ে প্রকাশিত হয় প্রাথমিক রিপোর্ট। যে রিপোর্ট বলেছিল পাইলটের ভুলেই ঘটেছে সাম্প্রতিক সময়ের সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা। যা নিয়ে দায়ের হয় জনস্বার্থ মামলা।

এবার সেই রিপোর্টে কেন পাইলটদের দায়ী করা হয়েছে তা নিয়ে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট। এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো থেকেও জবাব চেয়েছে আদালত। ১২ জুন লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিমলাইনার ৭৮৭-৮-এর পাইলটের আসনে ছিলেন ক্যাপ্টেন সুমিত সবরওয়াল। কো পাইলট ছিলেন ফার্স্ট অফিসার ক্লাইভ কুন্দর। শীর্ষ আদালতের তরফে বলা হয় যে এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনায় প্রাথমিক তদন্ত রিপোর্টের ভিত্তিতে পাইলটদের দোষ দেওয়া দায়িত্ব-জ্ঞানহীনতার পরিচয়। এই প্রসঙ্গে সোমবার বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি এনকে সিংয়ের বেঞ্চে মামলার শুনানি চলাকালীন বিচারপতি বলেন, দুর্ঘটনায় ‘পাইলটদের ত্রুটি’র দিকে ইঙ্গিত করা দুর্ভাগ্যজনক ও দায়িত্বজ্ঞানহীন। আগামীকাল যদি কোনও পাইলটের দিকে আঙুল তোলা হয় তবে তাঁর পরিবার সমস্যায় পড়বেন। এরপর চূড়ান্ত রিপোর্টে যদি দেখা যায় তাঁদের তরফে কোনও ত্রুটি নেই? তখন কী হবে।”