খুন করে থানায় আত্মসমর্পণ!

এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ চাচাতো ভাইয়ের বিরুদ্ধে।

বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা : ভাঙড়ে কুপিয়ে খুন, থানায় আত্মসমর্পণ করল অভিযুক্ত। ঘটনাটি ঘটেছে ভাঙড়ের মাধবপুর থানার বেলিয়াডাঙ্গা এলাকায়। আতাবউদ্দিন মোল্লা (৪৩) নামে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ চাচাতো ভাই গোলাম সারোয়ারের বিরুদ্ধে। খুন করার পর মাধবপুর থানায় আত্মসমর্পণ করে অভিযুক্ত গোলাম।

পরিবার সূত্রে জানা যায় আতাবউদ্দিন মোল্লা কাজ থেকে বাড়ি ফিরছিলেন। সেই সময় তাকে রাস্তায় আটকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকে। রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে যায় আতাবউদ্দিন তড়িঘড়ি তাকে স্থানীয়রা এবং পরিবারের লোকজন উদ্ধার করে নলমুড়ি গ্রামীণ হসপিটালে নিয়ে আসেন। কিন্তু তাতেও শেষরক্ষা হয়নি। তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।

নিহতের ভাই সূরাউদ্দিন মোল্লার অভিযোগ তার দাদা আতাবউদ্দিন মোল্লা নির্দোষ। তাকে খুন করেছে আপন চাচাতো ভাই গোলাম সরোয়ার। কিন্তু কী কারনে খুন করেছে সেটা বুঝতে পারছি না, তবে বহু বছর আগে অভিযুক্ত গোলাম আতাবউদ্দিনের স্ত্রীকে শ্লীলতাহানি করে। সেই সময় গোলামকে ধমক দিয়েছিল আতাব। পুরানো ক্ষোভ থেকেই এই খুন করা হয়েছে বলে মনে করছেন পরিবারের সদস্যরা।

অন্যদিকে খবর পেয়ে নলমুড়ি হসপাতালে আসে ক্যানিং পূর্ব বিধানসভার আইএসএফের অবজার্ভার সাহাবুদ্দিন সিরাজী। তিনি দাবি করেন মৃত আতাব উদ্দিন আইএসএফ সমর্থক এবং অভিযুক্ত গোলাম সরোয়ার বর্তমানে বিজেপি সমর্থক। এই ঘটনার সাথে যারা যুক্ত তাদেরকে কঠোর শাস্তির দাবি করছেন।

তবে ঘটনার পর অভিযুক্ত গোলাম মাধবপুর থানায় আত্মসমর্পণ করে, কিন্তু কী কারণে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হল, পুরো বিষয়টি তদন্ত করছে মাধবপুর থানার পুলিশ।