নবদ্বীপে সেতু তৈরির ঘোষণা শুভেন্দুর! থাকবে ফেরি পরিষেবাও?

রাস উৎসবকে ঘিরে এখন উৎসবের মেজাজে মেতে উঠেছে চৈতন্যদেবের স্মৃতিধন্য নবদ্বীপ। সেই উৎসবের আবহেই রবিবার সেখানে পৌঁছন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবদ্বীপের উন্নয়নে একাধিক নতুন পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি। নদী পারাপারের সমস্যা মেটাতে সেখানে স্থায়ী সেতু তৈরির আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, নদীর ধারে গড়ে তোলা হবে একটি আধুনিক ও সুন্দর ঘাট। সেখান থেকে চালু করা হবে ফেরি পরিষেবাও। মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় নবদ্বীপের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি পর্যটনেও নতুন সম্ভাবনা তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক

নবদ্বীপে নদীর ধারে ঘাট তৈরির কাজ শুরু হয়েছিল বেশ কয়েক বছর আগেই। কিন্তু এখনও সেই কাজ সম্পূর্ণ হয়নি। রবিবার নবদ্বীপে গিয়ে অসমাপ্ত ঘাটটি নতুন করে সাজিয়ে তোলার আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর প্রতিশ্রুতি, ঘাটের বাকি কাজ দ্রুত শেষ করে সেটিকে সুন্দরভাবে গড়ে তোলা হবে।

মুখ্যমন্ত্রী জানান, নবদ্বীপে স্থায়ী সেতু তৈরি না হওয়া পর্যন্ত নদী পারাপারের জন্য লঞ্চ পরিষেবার উপরই নির্ভর করতে হবে স্থানীয় বাসিন্দাদের। তবে সেতু চালু হয়ে গেলেও বন্ধ হবে না এই জলপথে যাতায়াত। ঘাটের কাজ শেষ করে ফেরি পরিষেবাও চালু করা হবে। এই পরিষেবা শুরু হতে আরও প্রায় দু’মাস সময় লাগতে পারে বলে জানিয়েছেন তিনি। শুভেন্দুর কথায়, আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ফের নবদ্বীপে এসে আনুষ্ঠানিকভাবে ফেরি পরিষেবার উদ্বোধন করবেন তিনি।

নবদ্বীপের উন্নয়নে শুধু যোগাযোগ ব্যবস্থার উপরই নয়, শিক্ষা ও গবেষণার ক্ষেত্রেও জোর দিতে চান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রবিবার সেখানে গিয়ে একটি অসমাপ্ত গবেষণাকেন্দ্রের কাজ শেষ করার জন্য দু’কোটি টাকা বরাদ্দের ঘোষণা করেন তিনি। ভক্তদের আর্থিক সাহায্যে কেন্দ্রটি তৈরির উদ্যোগ নেওয়া হলেও টাকার অভাবে দীর্ঘদিন ধরে কাজ থমকে রয়েছে। সেই কাজ দ্রুত শেষ করার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, নবদ্বীপের গোশালার পরিকাঠামো আরও উন্নত করতে এক কোটি টাকা দেওয়ার কথাও জানিয়েছেন তিনি। শুধু তাই নয়, এলাকায় গুরুকুল এবং সংস্কৃত টোল তৈরির পরিকল্পনার কথাও তুলে ধরেন শুভেন্দু। এই প্রকল্পগুলি বাস্তবায়নে অর্থের কোনও অভাব হবে না বলেও আশ্বাস দিয়েছেন তিনি।নবদ্বীপে উন্নয়নমূলক পরিকল্পনার কথা জানানোর পাশাপাশি আগের তৃণমূল সরকারকেও আক্রমণ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ, মহাপ্রভু শ্রীচৈতন্যের জন্মস্থান নবদ্বীপের উন্নয়নে আগের সরকার কোনও গুরুত্ব দেয়নি। তাঁর দাবি, উন্নয়নের বদলে নবদ্বীপে শুধু দেশি ও বিদেশি মদের দোকান খোলার দিকেই নজর দেওয়া হয়েছিল।