‘যোগীর পথেই হাঁটছেন শুভেন্দু’, এনকাউন্টার নিয়ে সরব সৌগত রায়

সোমবার বীরভূমের শান্তিনিকেতনে গুলি চালানোর ঘটনায় অভিযুক্ত রতন শেখের পুলিশি এনকাউন্টারে মৃত্যুর পর রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মুখ খুললেন তৃণমূল কংগ্রেসের লোকসভা সাংসদ সৌগত রায়। এই ঘটনায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তীব্র সমালোচনা করেছেন তিনি।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক

এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে সৌগত রায় অভিযোগ করেন, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের পথেই হাঁটছেন শুভেন্দু অধিকারী। রাজ্যের বর্তমান পরিস্থিতির জন্য মুখ্যমন্ত্রীকে জবাবদিহি করতে হবে বলেও দাবি করেন তিনি। সৌগত রায়ের কথায়, “বাংলার আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব খারাপ। শুভেন্দু অধিকারী উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের দেখানো পথ অনুসরণ করছেন। এর জন্য মুখ্যমন্ত্রীকে জবাব দিতে হবে।”

শান্তিনিকেতনে গুলি চালানোর ঘটনায় পুলিশের হাতে ধরা পড়ার সময় পুলিশকর্মীদের লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছিল রতন শেখের বিরুদ্ধে। রবিবার বীরভূমের নানুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয় তাঁর। রাজ্যে সরকার পরিবর্তনের পর এই নিয়ে পঞ্চম এনকাউন্টারের ঘটনা ঘটল। এর আগে রবিবারই অপরাধী এবং বেআইনি অস্ত্র রাখা ব্যক্তিদের রাজ্য ছেড়ে চলে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট জানিয়ে দেন, পশ্চিমবঙ্গে দুষ্কৃতী ও ধর্ষকদের কোনও জায়গা নেই।

মুখ্যমন্ত্রী বলেন, “ও পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়েছে। পুলিশ ঘটনাস্থলে যা করার প্রয়োজন ছিল, তাই করেছে। এই বিষয়ে আমার মন্তব্য করা ঠিক হবে না। পশ্চিমবঙ্গে দুষ্কৃতী ও ধর্ষকদের কোনও জায়গা নেই। এখনও যেসব দুষ্কৃতী এবং বেআইনি অস্ত্রধারী রয়েছে, তারা এখান থেকে পালিয়ে যাক। দ্রুত রাজ্য ছেড়ে চলে যাক। এখানে তাদের কোনও জায়গা নেই।” পুলিশের এই পদক্ষেপকে সমর্থন করেছেন রাজ্যের মন্ত্রী উমেশ রায়ও। তাঁর দাবি, ধর্ষণ ও দুষ্কৃতী কার্যকলাপের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়েছে রাজ্য সরকার। তাঁর কথায়, পশ্চিমবঙ্গে পরিস্থিতি বদলাচ্ছে। আগে যারা পুলিশকে ভয় পেত না, এখন তাদের পুলিশকে ভয় পেতে হবে।

উমেশ রায় বলেন, “পশ্চিমবঙ্গ বদলাচ্ছে। আগে দেখা গিয়েছে, ধর্ষকদের বাঁচাতে পুলিশকে রাস্তায় নামানো হত। প্রমাণ নষ্ট করার জন্য হাজার হাজার মানুষকে উসকানি দিয়ে হাসপাতালে পাঠানো হত। সেই সরকার আর ক্ষমতায় নেই। মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন, ধর্ষণ ও দুষ্কৃতী কার্যকলাপের বিরুদ্ধে কোনও রকম আপস করা হবে না। কেউ যদি পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়, তাহলে পুলিশ তার দিকে ফুল ছুড়বে না। প্রয়োজনীয় পদক্ষেপই করবে। যারা আগে পুলিশকে ভয় পেত না, এখন তাদের পুলিশকে ভয় পেতে হবে।” জানা গিয়েছে, একটি ডাকাতির মামলায় জামিন পেয়েছিলেন রতন শেখ। গত শুক্রবার তিনি এলাকায় ফিরে আসেন। এরপর এক দুষ্কৃতীর সঙ্গে দেখা করতে একটি বাসস্ট্যান্ডে যান তিনি।

শুক্রবার সন্ধ্যায় তাঁকে ধরতে বোলপুরের লায়েকবাজারের বটতলা এলাকায় যান তিন পুলিশকর্মী। কিন্তু পুলিশকে দেখেই তাঁদের লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ওঠে রতনের বিরুদ্ধে। এই ঘটনায় বাঁ পায়ে গুলিবিদ্ধ হন কনস্টেবল বিশ্বজিৎ দাস। এরপর থেকেই পলাতক ছিলেন রতন শেখ। ঘটনার পর আহত কনস্টেবলকে দেখতে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। চিকিৎসকেরা জানান, বিশ্বজিৎ দাসের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল।