রাখিবন্ধন উপলক্ষে ভবানীপুরে খোল বাজিয়ে পদযাত্রা মুখ্যমন্ত্রীর।

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: রাখিবন্ধন উৎসবকে ঘিরে শুক্রবার সকাল থেকেই রাজ্য জুড়ে নানা কর্মসূচি। তারই মধ্যে ভবানীপুরে একেবারে অন্য মেজাজে দেখা গেল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। রাখিবন্ধন অনুষ্ঠানে যোগ দেওয়ার পর গলায় খোল ঝুলিয়ে এলাকায় পদযাত্রায় শামিল হলেন তিনি। পরে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে গিয়ে খোল বাজিয়ে কীর্তনও করেন শুভেন্দু। তাঁর সঙ্গে ছিলেন তাপস রায়, পাপিয়া অধিকারী-সহ দলের অন্যান্য নেতা-কর্মী।
এ বছর রাজ্য জুড়ে ঘটা করে রাখিবন্ধন উৎসব পালনের উদ্যোগ নিয়েছে সরকার। সরকারি সূত্রে খবর, উৎসবের জন্য প্রায় ৯ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে মোট ২৫ লক্ষ ৬০ হাজার ৫০০টি রাখি সরবরাহ করা হয়েছে। শুধু রাখি কেনার জন্যই খরচ হয়েছে প্রায় ২ কোটি ৮৫ লক্ষ ৬৭ হাজার টাকা।
শুক্রবার সকালে ভবানীপুরের অনুষ্ঠানে গিয়ে রাখির তাৎপর্য এবং দেশপ্রেমের প্রসঙ্গ তুলে ধরেন শুভেন্দু। স্বাধীনতা সংগ্রামে বাংলার ভূমিকার কথাও বলেন তিনি। মুখ্যমন্ত্রীর বক্তব্য, ‘‘এই রাখি রাষ্ট্রবাদের রাখি, ভ্রাতৃত্বের রাখি।’’
পহেলগাঁওয়ে জঙ্গি হামলার প্রসঙ্গও ওঠে তাঁর বক্তৃতায়। শুভেন্দু বলেন, বাইরের শত্রুর মোকাবিলায় দেশের সেনাবাহিনী রয়েছে। তাঁর দাবি, দেশের ভিতরেও এমন কিছু শক্তি রয়েছে, যাদের বিরুদ্ধে সতর্ক থাকা প্রয়োজন। কলকাতার রাস্তায় ‘আজাদি’ স্লোগান ওঠা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
এর পরেই ভবানীপুরে পদযাত্রায় বেরোন শুভেন্দু। গলায় খোল ঝুলিয়ে বাজাতে বাজাতে মমতার বাড়ির সামনে পৌঁছন তিনি। সেখানে কীর্তনে অংশ নেওয়ার পর নজরুল মঞ্চের অনুষ্ঠানে যান মুখ্যমন্ত্রী। সেখানে পড়ুয়া-সহ বহু মানুষ উপস্থিত ছিলেন।
নতুন প্রজন্মের উদ্দেশে তাঁর বার্তা, ‘‘আপনারাই ভবিষ্যৎ। আধুনিক শিক্ষায় শিক্ষিত হোন। আপনারাই দেশ ও রাজ্য পরিচালনার দায়িত্ব নিন।’’ জাতীয়তাবাদ, দেশপ্রেম এবং দেশের ইতিহাস সম্পর্কে তরুণ প্রজন্মকে জানার আহ্বান জানান তিনি। পাশাপাশি পরিবারের দায়িত্ব পালনের সঙ্গে দেশের জন্য কাজ করার কথাও বলেন শুভেন্দু।