দীপাবলির সাজে কোরানের আয়াত লেখা পান্নার হার পরেছিলেন করিনা কপূর খান। তা নিয়েই আইনি নোটিস। এ বার সেই বিতর্কে করিনার পাশে দাঁড়ালেন লেখিকা তসলিমা নাসরিন। তাঁর প্রশ্ন, ধর্মীয় আয়াত লেখা গয়না পরলেই কেন আপত্তি উঠবে? বরং ধর্মের নামে মহিলাদের পোশাক, শরীর এবং স্বাধীনতার উপর নজরদারি বন্ধ হওয়া উচিত বলেই মন্তব্য করেছেন তিনি।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক
এর পরেই কংগ্রেস নেতা তথা জাতীয় মিডিয়া কো-অর্ডিনেটর আব্বাস হাফিজ ১১ নভেম্বর করিনা ও রিয়াকে আইনি নোটিস পাঠান। তাঁর আপত্তি, কোরানের আয়াতকে যে ভাবে ছবিতে উপস্থাপন করা হয়েছে, তাতে ধর্মীয় পবিত্রতা ক্ষুণ্ণ হয়েছে। ছবি ও ভিডিয়ো সরিয়ে নেওয়া, প্রকাশ্যে ক্ষমা চাওয়া এবং ভবিষ্যতে এমন ভাবে আয়াত ব্যবহার না করার নিশ্চয়তাও চাওয়া হয়েছে নোটিসে। হাফিজ অবশ্য জানিয়েছেন, করিনার পোশাক নিয়ে তাঁর আপত্তি নেই এবং নোটিসটি তিনি ব্যক্তিগত ভাবে দিয়েছেন।
ঘটনার সূত্রপাত করিনার দীপাবলির সাজের ছবি ঘিরে। অভিনেত্রীর পরনে ছিল বেইজ রঙের কাফতান ও মাথায় মানানসই পাগড়ি। সঙ্গে ছিল ৩০ ক্যারেটের পান্নার একটি লকেট, যাতে লেখা ছিল ‘আয়াতুল কুরসি’। কোরানের সুরা আল-বাকারার ২৫৫তম আয়াতটি খোদাই করা ওই গয়নাটিকে করিনার স্টাইলিস্ট রিয়া কাপুর ভোপালের প্রাক্তন রাজপরিবারের ২০০ বছরের পুরনো ঐতিহ্যবাহী গয়না বলে জানিয়েছিলেন। স্বামী সইফ আলি খানের পরিবারের সূত্রেই গয়নাটি করিনার হাতে এসেছে বলে দাবি করা হয়।
এই ঘটনাতেই তীব্র প্রতিক্রিয়া তসলিমার। সমাজমাধ্যমে তিনি লেখেন, ধর্মের স্বঘোষিত রক্ষকদের এই ধরনের আচরণ অত্যন্ত হাস্যকর। তাঁর কটাক্ষ, ‘‘পান্নার গায়ে খোদাই করা অক্ষর সম্মানের যোগ্য, কিন্তু রক্তমাংসের একজন মহিলা নন— কী অদ্ভুত পবিত্রতার ধারণা!’’
তসলিমার বক্তব্য, কেউ কোনও ধর্মীয় আয়াতকে পবিত্র মনে করলে তা তাঁর বিশ্বাস। কিন্তু সেই বিশ্বাস অন্যের উপর চাপিয়ে দেওয়া যায় না। করিনার ক্ষমা চাওয়ারও কোনও কারণ নেই বলে স্পষ্ট জানিয়েছেন তিনি। তাঁর মতে, ধর্মের নামে মহিলাদের শরীর ও পোশাক নিয়ে ভয় দেখানো, চাপ তৈরি করা এবং ক্ষমা চাওয়ানোর প্রবণতা বন্ধ হওয়া প্রয়োজন।
করিনা বা রিয়া— দু’জনের কেউই এখনও আইনি নোটিসের প্রকাশ্য জবাব দেননি।
