জলকষ্ট, নিকাশি ও অবৈধ নির্মাণের প্রতিবাদে বারুইপুর পৌরসভার সামনে বিজেপির বিক্ষোভ।

বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা: আজ বারুইপুর পশ্চিম ১ নং মণ্ডল বিজেপির উদ্যোগে বারুইপুর পৌরসভার সামনে অবস্থান-বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। নেতৃত্ব দেন বারুইপুর পশ্চিম ১ নং মণ্ডলের সভাপতি অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী।
বিজেপির অভিযোগ, বারুইপুর পৌরসভার একাধিক ওয়ার্ডে দীর্ঘদিন ধরে পানীয় জলের সংকট, ময়লা পরিষ্কারে অনিয়ম এবং অবৈধ নির্মাণের ঘটনা বেড়ে চলেছে। এই সমস্ত সমস্যার দ্রুত সমাধানের দাবিতে পৌরসভার সামনে অবস্থান-বিক্ষোভে সামিল হন বিজেপি কর্মী-সমর্থকরা।
বিক্ষোভকারীদের দাবি, সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যার প্রতি পৌরসভার উদাসীনতার কারণেই এলাকার বাসিন্দারা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। অবিলম্বে জল সরবরাহের উন্নতি, নিয়মিত সাফাই ব্যবস্থা এবং অবৈধ নির্মাণের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।
এদিন বিক্ষোভ মঞ্চ থেকে পৌর কর্তৃপক্ষের কাছে স্মারকলিপিও জমা দেওয়া হয় বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। বিজেপি নেতৃত্বের হুঁশিয়ারি, দ্রুত সমস্যার সমাধান না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবে দল।
যদিও এ ব্যাপারে বারুইপুর পৌরসভা উপ পৌর প্রধান গৌতম কুমার দাস বলে,
মূলত গ্রীষ্মকালে জলের স্তর অনেক কমে যায়, যার ফলে বারুইপুর পৌরসভার যে সমস্ত পাম্পিং স্টেশন আছে সেখান থেকে যম জল কম উঠার কারনে জলের গতিবেগ অনেকটা কমে যায়।
অন্যদিকে পৌরসভা এলাকায় দুদিন পানীয় জলের সমস্যা হয়েছিল, তবে সেটা পৌরসভার কারণে নয়। ডোয়ারিয়া তে পিএইচ এর যেখান থেকে জল আসে সেখানে মূল মেশিন খারাপ হওয়ার কারণে দুদিন জলে সমস্যা হয়েছিল,তবে এখন তা সমাধান হয়ে গেছে। তিনি আরো জানান যেখানে যেখানে এখনো পর্যন্ত একটু আধটু পানীয় জলের সমস্যা আছে সেখানে পৌরসভা থেকে জলের ট্যাংক পাঠিয়ে সমস্যার সমাধানের চেষ্টা চলছে। অমৃত প্রকল্পের যে কাজ বারুইপুর পৌরসভায় চলছে তা আগামী ২০২৬ এর ডিসেম্বর মাস পর্যন্ত ১০০% জলের সমস্যার সমাধান হবে বলে আশাবাদী তিনি।