কংগ্রেসের বিক্ষোভে উত্তেজনা কাঁকসায়

প্রধানমন্ত্রীর বাবাকে নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগ, কাঁকসায় খাড়গের কুশপুতুল দাহ বিজেপির।

প্রশান্ত মাল, নিজস্ব সংবাদদাতা


প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাবাকে নিয়ে কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গের বিতর্কিত মন্তব্যের অভিযোগ তুলে প্রতিবাদে সরব হল বিজেপি। সোমবার কাঁকসার পানাগড় বাজারে কংগ্রেস সভাপতির কুশপুতুল দাহ করে বিক্ষোভ দেখালেন বিজেপির নেতা-কর্মী ও সমর্থকেরা। এদিন পানাগড় বাজারের চৌমাথা মোড় থেকে বিজেপির উদ্যোগে একটি প্রতিবাদ মিছিল বের হয়। প্ল্যাকার্ড ও পোস্টার হাতে মিছিলটি পানাগড় বাজারের বিভিন্ন এলাকা পরিক্রমা করে মাছ বাজার পর্যন্ত যায়। সেখান থেকে ফের চৌমাথা মোড়ে ফিরে এসে মল্লিকার্জুন খাড়গের কুশপুতুল দাহ করেন বিক্ষোভকারীরা।
বিক্ষোভে অংশ নেওয়া বিজেপি নেতৃত্বের অভিযোগ, গণতান্ত্রিক পদ্ধতিতে বিজেপিকে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে বিরোধীরা ব্যক্তি আক্রমণ ও অশালীন মন্তব্যের আশ্রয় নিচ্ছে। কখনও প্রধানমন্ত্রী, কখনও তাঁর পরিবারকে নিশানা করে রাজনৈতিক আক্রমণ করা হচ্ছে বলেও দাবি করেন তাঁরা। বিরোধী দলগুলি রাজনৈতিকভাবে দিশাহীন হয়ে পড়েছে বলেও কটাক্ষ করেন বিজেপি নেতারা।
কংগ্রেসের ‘ভোট চুরি’ সংক্রান্ত অভিযোগেরও পাল্টা জবাব দেন বিজেপি নেতৃত্ব। তাঁদের দাবি, কংগ্রেসের ইতিহাস পর্যালোচনা করলেই ভোট প্রক্রিয়া নিয়ে নানা বিতর্কের বিষয় সামনে আসে। তাই বিজেপির বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ তোলার আগে কংগ্রেসের নিজেদের ইতিহাস পর্যালোচনা করা উচিত।