রাজন্যা হালদারকে ঘিরে সংঘর্ষে উত্তেজনা সোনারপুরে

সোনারপুরে প্রচারের শেষ লগ্নে নির্দল প্রার্থী রাজন্যা হালদারকে ঘিরে সংঘর্ষ, পাল্টা অভিযোগে উত্তপ্ত রাজনীতি।

বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা : প্রচারের শেষ লগ্নে উত্তেজনা ছড়াল সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রে। নির্দল প্রার্থী রাজন্যা হালদার ২৬ নম্বর ওয়ার্ডে আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ। এই ঘটনায় ওই ওয়ার্ডের কাউন্সিলর রেশমা মন্ডলের স্বামী শাহেনশা মন্ডল সহ একাধিক জনের বিরুদ্ধে সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি।

অভিযোগ, রাজন্যা এক ব্যক্তির সার্টিফিকেট সংক্রান্ত সমস্যার সমাধানের জন্য শাহেনশা মন্ডলের কাছে যান। সেই সময় আচমকাই ওই যুবকের উপর হামলা চালানো হয়। তাকে বাঁচাতে গিয়ে রাজন্যা ও তাঁর সঙ্গীরাও আক্রান্ত হন বলে দাবি।

এই ঘটনার প্রতিবাদে রাজন্যার পাশে দাঁড়িয়েছে ISF, তারা ঘটনার তীব্র নিন্দা করেছে। তবে ঘটনাকে ঘিরে অন্য চিত্রও সামনে এসেছে। রাজন্যা ও তাঁর স্বামী প্রান্তিকের বিরুদ্ধে লোকজন নিয়ে হামলা চালানোর পাল্টা অভিযোগ উঠেছে। সেই অভিযোগের ভিত্তিতে তাঁদের বিরুদ্ধেও সোনারপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

এ বিষয়ে ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রেশমা মন্ডল জানান, বহিরাগতদের এনে এলাকায় উস্কানিমূলক পরিস্থিতি তৈরির চেষ্টা করা হয়েছিল। যদিও মারধরের অভিযোগ তিনি সম্পূর্ণ অস্বীকার করেছেন।