“মহিলাদের প্রতি আসলে ওদের শ্রদ্ধা নেই। মহিলাদের উপর চেঁচানোটা আপনাদের কাজ নয়।”

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক : সর্বদলীয় বৈঠকের পর নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগে সরব হলেন বাম, কংগ্রেস এবং তৃণমূল নেতৃত্ব। রবিবার রাতেই কলকাতায় এসেছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। এসেছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, কমিশনার সুখবীর সিং সান্ধু এবং বিবেক জোশী।
দফায় দফায় রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক করেন নির্বাচন কমিশনার। তৃণমূলের তরফে ছিলেন রাজীব কুমার, চন্দ্রিমা ভট্টাচার্য এবং ফিরহাদ হাকিম। বিজেপির প্রতিনিধি দলে ছিলেন শিশির বাজোরিয়া, তাপস রায় এবং জগন্নাথ চট্টোপাধ্যায়। সিপিএমের তরফে ছিলেন মহম্মদ সেলিম, শমীক লাহিড়ী, আফ্রিন বেগম। কংগ্রেসের তরফে ছিলেন আশুতোষ চট্টোপাধ্যায়, প্রদীপ ভট্টাচার্য।
অভিযোগ চন্দ্রিমা ভট্টাচার্য এসআইআর নিয়ে বক্তব্য রাখতে গেলে জ্ঞানেশ কুমার বলেন, “ডোন্ট শাউট। আপনি তো আমার বিরুদ্ধে সুপ্রিমকোর্টে গিয়েছেন।”

নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য। তাঁর দাবি, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার তাঁকে চিৎকার করতে নিষেধ করেছেন। চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, “আমি মহিলা, আমাকে বলছেন ডোন্ট শাউট। মহিলাদের প্রতি আসলে ওদের শ্রদ্ধা নেই। তাই মহিলাদের নামও কেটে দিচ্ছেন। আমার নাম না থাতলে সেটা প্রমাণ করার দায়িত্ব আপনার। কেন আমাকে লাইনে দাঁড়াতে হবে, মহিলাদের উপর চেঁচানোটা আপনাদের কাজ নয়।“
চন্দ্রিমা ভট্টাচার্য আরও বলেন, “এসআইআর নিয়ে যাই বলি ওরা বলছেন, মামলা সুপ্রিমকোর্টে আছে। তাহলে আমাদের ডাকলেন কেন? ডেকেছেন যখন আমাদের কথা শুনতে হবে। সুপ্রিমকোর্টে যাওয়াটা কি আমাদের অন্যায় হয়েছে? বেশ করেছি সুপ্রিমকোর্টে গেছি। মানুষের রক্ষা করাটা আমাদের দায়িত্ব। ”
“কত দফায় ভোট চান আপনারা ? – “ এই প্রশ্নের উত্তরে সিপিএম জানায়, তারা এক দফায় ভোটের দাবি জানাচ্ছে। সর্বোচ্চ দু দফায় ভোট করানো হলেও আপত্তি নেই। বৈঠক শেষে বেরিয়ে সেলিম জানান, “আমরা জানতে চেয়েছি কমিশন একটা ভোটার তালিকা তৈরি করতে গিয়ে মানুষকে শত্রু বানাল কেন ? মানুষের বিরুদ্ধে কেন যুদ্ধ ঘোষণা করল? কেন নির্বাচন কমিশন নির্যাতন কমিশন হয়ে গেল?”
ফিরহাদ হাকিম বলেন, “এটা ভোটের দফা আলোচনার জায়গা নয়।”
এরপরই বিজেপিকে নিশানা করে ফিরহাদ বলেন, “বিজেপির পায়ের তলায় মাটি নেই। ওরা রাজ্যের সর্বনাশ করছে। নিরীহ মানুষকে এসআইআরের লাইনে দাঁড় করিয়েছে ওরা। ওদের জন্যই এত মানুষ মারা গিয়েছেন। ”
এদিকে কমিশনের কাছে ১৬ দফায় নির্বাচনের দাবি জানিয়েছে বিজেপির প্রতিনিধি দল। কেন্দ্রীয় বাহিনীর সদ্ব্যবহার থেকে শুরু করে শান্তিপূর্ণ নিরেবাচন নিশ্চিত করা, রিগিং ঠেকানোর দাবিও জানিয়েছে বিজেপি নেতৃত্ব।