২০০২-এর ভোটার তালিকায় নাম নেই। প্রতিবাদে বিডিও অফিসের সামনে বিক্ষোভ।

বিশ্বজিৎ পাল, নিজস্ব সংবাদদাতা: ২০০২ ভোটার তালিকায় নাম না থাকায় রাজারহাট বিডিও অফিসের সামনে বিক্ষোভ। রাজারহাট নিউটাউন বিধানসভার ২৯৫ নম্বর পার্ট এর প্রায় ৩ হাজার বাসিন্দার নাম ২০০২ সালের নির্বাচন কমিশনের ভোটার তালিকা থেকে উধাও। কার্যত আতঙ্কে দিন কাটাচ্ছেন বাসিন্দারা। ২০০২ এর তালিকায় নাম না থাকলেও ২০০৩ সালের তালিকায় ২৯৫ পার্ট এর ভোটারদের নাম রয়েছে।
২০০২ সালের ভোটার তালিকায় নাম না থাকায় ভোটাধিকার বাতিল হতে পারে। এই আতঙ্কেই বুধবার দুপুরে রাজারহাট বিডিও (BDO) অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখালেন রাজারহাটের হাতিয়ারা এলাকার ২৯৫ পার্ট এর বাসিন্দারা। তাদের অভিযোগ, বর্তমান ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও ২০০২ সালের পুরনো তালিকায় তাদের নাম নেই।

বিক্ষোভকারী ভোটারদের দাবি, তারা নিয়ম মেনে এসআইআর (SIR) ফর্ম জমা দিলেও, ২০০২ সালের তালিকার সাথে তথ্যের মিল না থাকায় স্থানীয় বিএলও (BLO)-রা সেই তথ্য পোর্টালে আপলোড করতে পারছেন না। যান্ত্রিক বা পদ্ধতিগত এই জটিলতার কারণে ভোটারদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়েছে, যে তাদের নাম তালিকা থেকে বাদ যেতে পারে। রাজারহাট বিডিও অফিসের সামনে ব্যাপক উত্তেজনা তৈরি হয়।
এক বিক্ষোভকারী জানাচ্ছেন, “আমরা হাতিয়ারা ১৩ নম্বর ওয়ার্ডের স্থানীয় বাসিন্দা। ২০০২ সালে হাতিয়ারার ৭টা পার্ট ছিল। তার মধ্য ৬টা পার্ট আপলোড হয়েছে। ২৯৫ নম্বর পার্ট আপলোড করেনি নির্বাচন কমিশন। এতদিন ধরে সমস্ত নেতা, কাউন্সিলর, সাংসদ বিধায়ক, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কন্ট্রোলরুম থেকেও মিলেছে আশ্বাস। পোর্টালে আপলোড করতে গিয়ে আর হচ্ছে না। সব জায়গায় অভিযোগ জানিয়ে লাভ না হওয়ায় বিডিওকে অভিযোগ জানাতে এসেছি। বিডিওকে লিখিত দিয়ে সমস্যার কথা জানাব।“
ক্ষুব্ধ বাসিন্দাদের মধ্যে অন্যতম ঝুমা খাতুনের অভিযোগ, “২০০৩-সালে আমাদের নাম আছে যখন ২০০২-এও নাম আছে। কিন্তু কমিশনের তালিকায় নাম না থাকায় আমাদের অস্তিত্ব মুছে দেওয়া হচ্ছে। আমাদের কাছে প্রমাণ আছে যে আমরা এখানকার বাসিন্দা। কিন্তু ইলেকশন কমিশন, বিডিও না ডাকলে তো আমরা প্রমাণ করতে পারবো না। শুধু আমাদের নয় আমাদের পরিবার পরিজনের সদস্যরা যারা অন্যান্য জায়গায় থাকেন তাদেরও একই সমস্যা। তাহলে কি আমরা আত্মহত্যা করবো ? “

বিক্ষোভকারী ঝুমা খাতুন জানান, “ আমাদের কাছে জমির দলিল সহ সমস্ত তথ্য রয়েছে যা দিয়ে প্রমাণ করা যাবে আমরা এখানকার সদস্য। আমরা হিন্দু মুসলিম সকলে এক হয়ে বিক্ষোভ করছি। আমরা কেউ এসআইআরের বিরুদ্ধে নয়। কিন্তু অন্যায়ভাবে ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দেবেন না।”
সূত্রের খবর, বিডিও-র কাছে দেখা করতে যান বাসিন্দারা। অবিলম্বে এই জটিলতা দূর করে তাদের ফর্ম গ্রহণ ও আপলোডের ব্যবস্থা করতে হবে। পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে ঘণ্টাখানেক পর বিক্ষোভ ওঠানো গিয়েছে।