হাসপাতালের পরিকাঠামো দেখলেন জেলাশাসক

শনিবার বারুইপুর সুপার স্পেশালিটি হাসপাতালের পরিকাঠামো খতিয়ে দেখতে আসেন দক্ষিণ ২৪ পরগনা জেলাশাসক অভিষেক তিওয়ারি।

বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা : বারুইপুর সুপার স্পেশালিটি হাসপাতালের পরিকাঠামো দেখলেন জেলাশাসক। শনিবার বারুইপুর সুপার স্পেশালিটি হাসপাতালের পরিকাঠামো খতিয়ে দেখতে আসেন দক্ষিণ ২৪ পরগনা জেলাশাসক অভিষেক তিওয়ারি। ছিলেন অতিরিক্ত জেলাশাসক সাদ্দাম নাভাস, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক মুক্তি সাধন মাইতি সহ অন্যরা। পরে গড়িয়া- শাসন বারুইপুর বাইপাসের অসম্পূর্ণ কাজ শেষ করার জন্য বারুইপুর শাসনে যান জেলাশাসক। সেই কাজ দ্রুত যাতে শেষ করা যায় সেই ব্যাপারে আশ্বাস দেন তিনি।বারুইপুর সুপার স্পেশালিটি হাসপাতালে প্রায় দেড় ঘন্টা ধরে প্রশাসনিক বৈঠক করেন জেলাশাসক। হাসপাতালের রোগী পরিষেবা নিয়ে খোঁজ নেন তিনি। হাসপাতালে চিকিৎসক, নার্স, কর্মী সংখ্যা বাড়ানো নিয়ে আলোচনা হয়। হাসপাতালের বেড বাড়ানো নিয়ে বলা হয়। হাসপাতালে রোগীদের প্রতি নার্সদের খারাপ ব্যবহার নিয়ে অভিযোগে ক্ষোভ প্রকাশ করেন জেলাশাসক।হাসপাতাল চত্বরে বেআইনি পার্কিং নিয়ে দেখা হবে বলে জানান অতিরিক্ত জেলাশাসক। এদিন, জেলাশাসক শাসনে গিয়ে বাইপাস অসম্পূর্ণ কাজ কীভাবে শেষ করা যায় তা দেখেন। বিজেপির রাজ্য কমিটির সদস্য উত্তম কর তাঁকে সমস্যা বুঝিয়ে বলেন। স্থানীয় বাসিন্দারা বলেন, বাইপাসে আলো জ্বলে না। এর ফলে অসামাজিক কাজ হচ্ছে। জেলাশাসক সমস্যা শুনে তা নিয়ে দেখবেন বলে জানান।