২০২৪ সালে আন্তর্জাতিক ভ্রমণে ভারতীয়দের ব্যয় ৩৫ বিলিয়ন ডলার, বিশ্বে শীর্ষ দশ ব্যয়কারী দেশের তালিকায় প্রবেশ করেছে ভারত।

আরপ্লাস নিউজ ডিজিটাল : মহামারির অভিঘাত কাটিয়ে ছন্দে ফিরছে বিশ্ব পর্যটন। ফ্রান্স, স্পেনের মতো জায়গায় রেকর্ড গড়েছে পর্যটকদের সংখ্যা। উত্তর ইউরোপের অভ্যস্ত ভ্রমণপিপাসু থেকে ভারতের উত্থানশীল মধ্যবিত্ত—‘হলিডে ট্রাভেল’ এখন শুধুমাত্র বিলাস নয়, জীবনযাপনের অঙ্গ।
অভ্যাসের শীর্ষে স্ক্যান্ডিনেভিয়া
মোট সংখ্যায় নয়, অংশগ্রহণের হারে বিচার করলে উত্তর ইউরোপ এখনও পিছিয়ে। সুইডেন ও নেদারল্যান্ডস ভ্রমণের প্রবণতা এখন শিখরে। সুইডেনে প্রায় ৯৯ শতাংশ মানুষ অন্তত একবার দেশের বাইরে গিয়েছেন। প্রায় ৫৭ শতাংশ সুইডিশ এবং ৪৮ শতাংশ ডাচ নাগরিক ১০টিরও বেশি দেশ ঘুরে দেখেছেন। ফিনল্যান্ডে মাথাপিছু বছরে গড়ে প্রায় ৭.৫বার ভ্রমণ করেছেন দেশ ও আন্তর্জাতিক স্তর মিলিয়ে। জার্মানিতেও চিত্র প্রায় একইরকম। প্রায় সকলেই অন্তত একবার সীমান্ত পেরিয়েছেন। ৩৬ শতাংশের বেশি নাগরিক ১০টিরও বেশি দেশ ভ্রমণ করেছেন। সেখানে দক্ষিণ ইউরোপে যাওয়া, কিংবা সংস্কৃতির স্বাদ নিতে দূরদেশে উড়ে যাওয়াটা দৈনন্দিন জীবনের অংশ। কাজ ও অবসরের ভারসাম্যে ভ্রমণ একটি স্বীকৃত প্রয়োজন।

ব্যয়ের দৌড়ে কারা এগিয়ে ?
মাথাপিছু ভ্রমণের নিরিখে স্ক্যান্ডিনেভিয়া এগিয়ে থাকলেও, বিশ্ব পর্যটনের অর্থনৈতিক ওজন বহন করছে কয়েকটি ‘সুপার-ট্রাভেলার’ দেশ। ২০২৫ নাগাদ চিন আন্তর্জাতিক পর্যটক ও ব্যয়ের নিরিখে শীর্ষে উঠে এসেছে—বিদেশ ভ্রমণে তাদের ব্যয় ২৫০.৬ বিলিয়ন ডলার। যা অস্ট্রেলিয়া, কানাডা, রাশিয়া, ইতালি ও ভারতের সম্মিলিত ব্যয়ের চেয়েও বেশি। মার্কিন পর্যটকেরা দ্বিতীয় স্থানে—১৭৭.৮ বিলিয়ন ডলার ব্যয় করেছেন। দীর্ঘমেয়াদি (১০ থেকে ২১ দিন) আরামপ্রিয় ছুটির ঝোঁক স্পষ্ট।যুক্তরাজ্যেও ২০২৪ সালে প্রায় ৯৪.৬ মিলিয়ন বিদেশযাত্রা হয়েছে। ৪৩ শতাংশের বেশি ব্রিটিশ নাগরিক ১০টিরও বেশি দেশ ঘুরেছেন।
উত্থান ভারতের
গত দু’বছরে সবচেয়ে তাৎপর্যপূর্ণ পরিবর্তন—ভারতীয় পর্যটকের আবির্ভাব। ২০২৪ সালে আন্তর্জাতিক ভ্রমণে ভারতীয়দের ব্যয় ৩৫ বিলিয়ন ডলার, বিশ্বে শীর্ষ দশ ব্যয়কারী দেশের তালিকায় প্রবেশ করেছে ভারত। যদিও এখনও দেশের মাত্র ৩ থেকে ৫ শতাংশ মানুষ বিদেশ ভ্রমণ করেছেন। তবুও বাজারের বৃদ্ধির হার দ্রুত এগোচ্ছে। অনুমান করা হচ্ছে, ২০৪০ নাগাদ ভারতের আন্তর্জাতিক যাত্রা ৯ কোটি ছুঁতে পারে।
২০২৫ সালে ভারতের আন্তর্জাতিক সফরের ৯০ শতাংশের নেতৃত্বে মিলেনিয়াল ও জেন জ়েড। সম্পদ সঞ্চয়ের চেয়ে ‘অভিজ্ঞতা’-কে অগ্রাধিকার দিচ্ছে নতুন প্রজন্ম।
বিশ্ব পর্যটন এখন দুই গতির
সুইডেন বা যুক্তরাজ্যের মতো দেশে ভ্রমণ একটি পরিপক্ব, ঘনঘন অভ্যাস—গভীর অবকাশের দিকে ঝোঁক। ভারত ও চিনের মতো উদীয়মান অর্থনীতিতে বিদেশযাত্রা নতুন করে সমৃদ্ধির প্রতীক।