আগের চাকরিতে ফেরতের প্রক্রিয়া শুরু

শুরু হল চাকরিহারাদের পুরনো সরকারি চাকরিতে ফেরানোর প্রক্রিয়া। এই প্রক্রিয়া শুরু করল রাজ্য। প্রায় ৪২০০ জন চাকরিহারা ফিরে পাবেন তাঁদের পুরনো সরকারি চাকরি। সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি বাতিল হওয়া শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মীদের মধ্যে ৪২০০ জন আগের সরকারি চাকরি ফিরে পেতে চলেছেন।

নাজিয়া রহমান, নিজস্ব প্রতিনিধি:- ব্যাপক দূর্নীতির জেরে বাতিল হয়েছে ২০১৬ সালের এসএসসি-র প্যানেল। প্যানেল বাতিলে চাকরিহারা প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী। তবে যারা পুরনো সরকারি চাকরি ছেড়ে ২০১৬ সালের এসএসএসি-র পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছিলেন তারা চাইলে আবারও পুরনো সরকারি চাকরিতে ফিরে যেতে পারেন জানিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই নির্দেশ মেনে পুরনো চাকরিতে ফিরতে আবেদন শুরু করেন চাকরিহারারা। চাকরি বাতিল হওয়া শিক্ষকশিক্ষিকা, শিক্ষাকর্মীদের মধ্যে ৪২০০ জন পুরনো সরকারি চাকরি ফিরে পেতে চলেছেন। এই প্রক্রিয়া শুরু করল রাজ্য।

২০১৬ সালে যারা সরকারি চাকরি ছেড়ে এসএসসি নিয়োগের পরীক্ষায় বসেছিল তাঁরা বেশির ভাগই এসেছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদ, স্কুল সার্ভিস কমিশন, মাদ্রাসা সার্ভিস কমিশন এই তিন দফতর থেকে। আবার অনেকে স্কুল শিক্ষকতা চাকরি ছেড়ে সুবিধাজনক পোস্টিংয়ের আশায় শিক্ষক নিয়োগের পরীক্ষা দিয়েছিলেন সে বছর। এই চাকরিহারাদের ৪২০০ জনকে পুরনো ছেড়ে আসা সরকারি চাকরি ফিরিয়ে দিতে চলেছে সরকার। বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি-র সাধারণ সম্পাদক স্বপন মণ্ডলের বক্তব্য, “সুপ্রিম কোর্ট নির্দেশ দেওয়ার পর থেকেই আমরা বার বার শিক্ষা দপ্তর, মাদ্রাসা বোর্ড ও শিক্ষামন্ত্রীর কাছে দরবার করেছিলাম এঁদের পুরোনো চাকরিতে ফিরিয়ে দেওয়ার ব্যাপারে। কিছুটা দেরি হয়ে গেল। চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা অসম্ভব মানসিক চাপের মধ্যে আছেন। এই চার হাজারের উপর শিক্ষকের চাকরি বাঁচলে কিছুটা তো রক্ষা হলো। তবে এঁদের কাউন্সেলিং করে নিজের জেলায় পোস্টিং দিলে ভালো হয়।আমরা ইতিমধ্যেই এস এস সি র চেয়ারম্যান ও মধ্যশিক্ষা পর্ষদের সভাপতিকে এ ব্যাপারে বলেছি।”

প্রাথমিক শিক্ষা পর্ষদ, স্কুল সার্ভিস কমিশন, মাদ্রাসা সার্ভিস কমিশন এই তিন দফতর থেকে সরকারি চাকরি ছেড়ে এসএসসি নিয়োগের পরীক্ষায় বসা চাকরিহারারা তাঁদের পুরনো চাকরিতে ফিরে যাওয়ার নিয়োগপত্র দ্রুত হাতে পেতে চলেছেন। যারা বিভিন্ন দফতরের সরকারি চাকরি ছেড়ে এসেছিলেন সেই তালিকায় সব থেকে বেশি নাম রয়েছে প্রাথমিক শিক্ষকদের। সূত্রের খবর, নির্দিষ্ট তালিকা প্রাথমিক শিক্ষা পর্ষদ, স্কুল সার্ভিস কমিশন, মাদ্রাসা সার্ভিস কমিশন এই তিন দফতরে পৌঁছনোর পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আগামী সপ্তাহ থেকেই নিয়োগপত্র দিতে শুরু করবেন। পুরনো চাকরি ফিরে পেয়ে কিছুটা হলেও স্বস্তি ফিরে পাবেন সরকারি চাকরি ছেড়ে আসা সেই সমস্ত চাকরিহারারা বলে মত শিক্ষকমহলের একাংশের। সূত্রের খবর, স্বরাষ্ট্র দফতর, বিদ্যুৎ দফতর, বিপর্যয় মোকাবিলা দফতরের চাকরি ছেড়ে শিক্ষকতার কাজে যোগ দিয়েছিলেন এমন প্রায় ২০ জনকে তাঁদের পুরনো সরকারি চাকরিতে পুনর্বহালের নির্দেশ আগেই দেওয়া হয়।