বিচারব্যবস্থাকে চ্যালেঞ্জ! অভিষেকের বিরুদ্ধে আদালতে রাজ্য

বিচারব্যবস্থার মর্যাদা ও নিরপেক্ষতা নিয়ে মন্তব্যের জেরে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবার কলকাতা হাই কোর্টে সরব হল রাজ্য সরকার। সোমবার বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে নিরাপত্তা সংক্রান্ত একটি মামলার শুনানি চলাকালীন রাজ্যের পক্ষ থেকে এই দাবি তোলা হয়। অভিষেকের বিরুদ্ধে ফৌজদারি আদালত অবমাননার মামলা শুরুর আবেদন জানান রাজ্যের আইনজীবী।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক

রাজ্যের বক্তব্য, রাজনৈতিক মতবিরোধ বা সংঘাতের মীমাংসা রাজনৈতিক পরিসরেই হওয়া উচিত। সেই বিতর্কে বিচারব্যবস্থাকে জড়ানো কোনওভাবেই কাম্য নয়। আদালতের নিরপেক্ষতা কিংবা মর্যাদা নিয়ে প্রশ্ন তোলা হলে তার প্রভাব শুধু নির্দিষ্ট কোনও আদালতের উপর নয়, গোটা বিচারব্যবস্থার উপর পড়ে বলেও সওয়াল করেন রাজ্যের আইনজীবী।

সম্প্রতি নিজের ফেসবুক পেজে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন সংবাদমাধ্যমেও সেই ভিডিও প্রকাশিত হয়। সেখানে কালীঘাটে তাঁর বাড়ির সামনে পুলিশি নজরদারি ও রেইকি চালানোর অভিযোগ তোলেন তিনি। রাজ্য সরকারের দাবি, ওই ভিডিওতে অভিষেকের কিছু মন্তব্য বিচারব্যবস্থা এবং আদালতের মর্যাদাকে সরাসরি প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। সেই বক্তব্যের জেরেই হাই কোর্টে তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনে রাজ্য।

এদিকে, সোমবারের শুনানিতে অভিষেকের নিরাপত্তা কমানো সংক্রান্ত মূল মামলার রায় আপাতত স্থগিত রাখে আদালত। তবে সাংসদের মন্তব্যকে কেন্দ্র করে এজলাসে রাজ্য ও অভিষেকের আইনজীবীদের মধ্যে তীব্র বাদানুবাদ হয়। অভিষেকের আইনজীবীর বক্তব্য, পুলিশ কোনও পদক্ষেপ না করায় বাধ্য হয়েই তাঁরা আদালতের দ্বারস্থ হয়েছেন।তবে আদালতের দ্বারস্থ হয়েও স্বস্তি মিলছে না বলে অভিযোগ করেন অভিষেকের আইনজীবী। তাঁর দাবি, নিরাপত্তা সংক্রান্ত মামলাটির শুনানি যাতে না এগোয়, সেই চেষ্টাও করা হচ্ছে। সওয়াল করতে গিয়ে তিনি আদানি মামলার প্রসঙ্গ টেনে বলেন, সেখানে একদিনের মধ্যেই শুনানি হয়ে যাচ্ছে, অথচ তাঁর মক্কেলের মামলা প্রায় তিন মাস ধরে ঝুলে রয়েছে। এই প্রেক্ষিতেই বিচারপতিদের একাংশ বিজেপির কাছে বিক্রি হয়ে গিয়েছেন বলে মন্তব্যের প্রসঙ্গও উঠে আসে।অভিষেকের আইনজীবী আরও দাবি করেন, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে এবং রাজনৈতিক নেতৃত্বের নির্দেশেই একজন বর্তমান সাংসদের নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছে।

এই মন্তব্য শুনে ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি কৃষ্ণা রাও। অভিষেকের আইনজীবীকে উদ্দেশ্য করে তিনি কড়া নির্দেশ দেন, কোন বিচারপতি বিজেপির ঘনিষ্ঠ এবং কারা তৃণমূলের সঙ্গে যুক্ত, সেই সংক্রান্ত একটি তালিকা আদালতে জমা দিতে হবে। বিচারপতির কথায়, “আপনার মক্কেলকে জিজ্ঞাসা করুন, কোন কোন বিচারপতি বিজেপির সঙ্গে রয়েছেন আর কারা নেই! তিনি তো নিজেকে অত্যন্ত বুদ্ধিমান মনে করেন। তাঁকে বলুন একটি তালিকা দিতে, আমি তা দেখে নেব।”এদিকে, অভিষেকের নিরাপত্তা সংক্রান্ত মামলার রায় আপাতত স্থগিত রেখেছে আদালত। অন্যদিকে, বিচারপতিদের রাজনৈতিক আনুগত্য নিয়ে ওঠা মন্তব্য এবং তার জেরে বিচারপতির কড়া প্রতিক্রিয়া ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে চর্চা শুরু হয়েছে।