টোটোর রুট বেঁধে দেবে রাজ্য!

আর যে কোনও রাস্তা দিয়ে যাত্রী চাপিয়ে যেতে পারবে না তিন চাকার টোটো। এবার অটোর মতো রুট বেঁধে দেওয়া হবে টোটোরও। টোটো নিয়ন্ত্রণে এবার কড়া সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্য পরিবহন দফতর।

নাজিয়া রহমান, নিজস্ব প্রতিনিধি:- অটোর মতেই খুব সহজে একজায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে যাওয়া যায় বলে টোটো মানুষের কাছে প্রিয় যান হয়ে উঠেছে। শহরতলি হোক বা গ্রাম। এখন সবচেয়ে চর্চিত পরিবহন হয়ে উঠেছে টোটো। কোনও নির্ধারিত রুট না থাকায় যে কোনও অলিতে গলিতে ঢুকে যেতে পারে টোটো। এবার সেই রুট বেধে দিতে চাই রাজ্য পরিবহন দফতর। যা নিয়ে সমস্ত জেলা প্রশাসন, পুরসভা, টোটো সংগঠন এবং পুলিশের সঙ্গে বৈঠকে করেছে পরিবহণ দপতরের আধিকারিকেরা। সূত্রের খবর, এই বৈঠকে টোটো চলাচলের সঠিক গাইডলাইন ঠিক করা হয়েছে। প্রথমত, একটি এলাকায় কতগুলি টোটো চলে তা নির্ধারণ করা হবে। তারপর এক ব্যক্তির নামে কতগুলি টোটো আছে তাও দেখা হবে। এছাড়াও বৈঠকে ঠিক হয়েছে, প্রত্যেকটি টোটোকেই জেলাস্তরে স্থানীয় প্রশাসনের মাধ‌্যমে নথিভুক্ত করা হবে। টোটোতে দেওয়া হবে নম্বার প্লেটও। তাতে থাকবে কিউআর কোড । যে কিউআর কোড স্ক‌্যান করেই বোঝা যাবে এক রুটের টোটো অন‌্য রুটে ঢুকে যাচ্ছে কি না! অর্থাৎ একটি টোটোর জন্য যে রুট নির্ধারণ করে দেওয়া হবে সেই রুটেই টোটো চালাতে হবে।

যাত্রী নিরাপত্তার স্বার্থে পূর্বেই টোটো নিয়ে একটি গাইডলাইন প্রকাশ করেছিল রাজ‌্য পরিবহন দফতর । সেখানে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছিল জাতীয়, রাজ‌্য সড়ক-সহ রাজ্যের গুরুত্বপূর্ণ রাস্তায় টোটো চালানো যাবে না। গাইডলাইন বেঁধে দেওয়ার পরও চিত্রটা বদলায়নি। সূত্রের খবর, এই টোটো বা অটোর মতো তিন চাকার গাড়ি চলাচলের ফলে রাস্তায় বাড়ছে যানজট। এমনকি একাধিক দূর্ঘটনা ঘটে এই তিন চাকা যানের ফলে। তাই এবার দূর্ঘটনা এড়াতে জাতীয় সড়ক বা রাজ্য সড়কে টোটো বা অটোর মতো তিন চাকা যান চালার ক্ষেত্রে পুলিশকে আরও কড়া হতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে ।

প্রশাসনের কাছে একদিকে যেমন টোটোর সঠিক সংখ‌্যা জানা নেই, তেমনই টোটোর কোনও নির্দিষ্ট রুটও নেই। তাই এবার সরকারের তরফে টোটেতে নাম্বারপ্লেট দিয়ে নির্দিষ্ট রুট ঠিক করে দিতে চাইছে সরকার।তাই স্থানীয় পুরসভাকে টোটো ইউনিয়নের সঙ্গে কথা বলে টোটোর রুট নির্ণয় করতে বলা হয়েছে। যে রুটে টোটো চলবে তার সংখ্যা কত। যদি কোনও রুটে টোটোর সংখ‌্যা বেশি থাকে সেখানে রোটেশন করে চালাতে বলা হবে বলেও জানানো হয়েছে।