সূর্যদেবের প্রিয় রাশি কোনগুলি এটা যদি জানেন তাহলে আপনি এটাও জানতে পারবেন যে আপনার রাশিতে শুভ যোগ আছে কিনা। এই বিষয় নিয়েই আজকের আলোচনা।

প্রবীর মুখার্জী, নিজস্ব প্রতিনিধি : আমরা সকলেই জানি, মোট নটি গ্রহ রয়েছে জ্য়োতিষশাস্ত্রে। বুধ-বৃহস্পতি-শুক্র-শনি-রবি-চন্দ্র-মঙ্গল-রাহু ও কেতু। এর মধ্যে রাহু ও কেতুকে ছায়া গ্রহ বলা হয়ে থাকে। প্রতিটি গ্রহই কোনও না কোনও রাশির অধিপতি। তাদের প্রত্যেকের প্রকৃতি ও বৈশিষ্ট্যও একেবারে আলাদা হয়ে থাকে। জ্যোতিষে রবির আলাদা গুরুত্ব রয়েছে। জ্যোতিষশাস্ত্রে সূর্যকে বলা হয় গ্রহগণের রাজা। রবি যদি কারোর কোষ্ঠীতে শক্তিশালী হয় , তবে সেই রাশির জাতক-জাতিকাদের জীবনেও তার দারুণ প্রভাব পড়ে। কোষ্ঠীতে রবি শক্তিশালী না হলে তার আত্মবিশ্বাস কমে যায়। নানা ধরনের সমস্যার সম্মুখীন হন তারা। তবে এমন কয়েকটি রাশি রয়েছে, তাদের ওপর রবির প্রভাব মারাত্মক ধরনের। শুধু তাই নয়। রবির আশীর্বাদে তারা আরও বলশালী হয়ে ওঠে। এবার দেখে নেওয়া যাক রবির সুনজরে কারা রয়েছেন…

মেষ রাশি–রবির অত্যন্ত প্রিয় রাশি। সব সময়েই রবির আশীর্বাদলাভ করে থাকেন । আত্মবিশ্বাসে ভরপুর থাকে এই রাশির জাতক-জাতিকারা। সামাজিক সম্মান লাভ করে থাকেন। নিষ্ঠার সঙ্গে যে কোনও ধরনের কঠোর পরিশ্রম করতে তারা সক্ষম।শুধু তাই নয় পরিশ্রমের উপযুক্ত মানও পেয়ে থাকেন তাঁরা। যে কোনও কাজে নেতৃত্ব দিতেও সক্ষম তারা।

সিংহ রাশি–সিংহ রাশির অধিপতি গ্রহ রবি। খুব স্বাভাবিক ভাবেই তার অধীনস্থ রাশিকে রক্ষা করবেন তিনি। তার মানেই সিংহ রাশির জাতক-জাতিকাদেরও রক্ষা করার দায়িত্ব স্বয়ং সূর্যদেব অর্থাৎ রবির। চাকরি হোক বা ব্যবসা যে কোনও পেশাতেই সফলতা লাভ করেন এই রাশির জাতক-জাতিকারা। জন্মগতই থাকে এদের নেতৃত্ব দেওয়ার ক্ষমতাও। রবির কৃপায় যেকোনও ধরনের লোভ সংবরণ করতে পারেন এই রাশির জাতক-জাতিকারা।

ধনু রাশি–ধনু রাশিও রবির অত্যন্ত প্রিয় রাশিগুলির একটি। লেখাপড়ায় সাফল্যলাভে সক্ষম এই রাশির জাতক-জাতিকারা। উচ্চশিক্ষা এমনকি গবেষণাতেও সাফল্যলাভ করে থাকে এই রাশির জাতক-জাতিকারা। আত্মবিশ্বাস থাকায় চাকরি বা ব্যবসাতেও সাফল্য অর্জন করে থাকেন এই রাশির জাতক-জাতিকারা। অত্যন্ত বুদ্ধিমান হয়ে থাকেন এরা। ধন ও মান এদের হাতের মুঠোয়। নিষ্ঠার সঙ্গে যে কোনও ধরনের দায়িত্ব পালনে সক্ষম এই রাশির জাতক-জাতিকারা।