২০২৬ ফুটবল বিশ্বকাপের ঢাকে কাঠি পড়েই গেল। শুক্রবার ওয়াশিংটনের জন এফ কেনেডি পারফর্মিং সেন্টার ফর আর্টসে হয়ে গেল বিশ্বকাপের গ্রুপ বিন্যাস

ঋক পুরকায়স্থ, নিজস্ব সংবাদদাতা: গ্রুপ বিন্যাস বিশ্লেষণ করলে একটা কথা বলাই যায়, এবার সেই অর্থে কোনও গ্রুপ অফ ডেথ নেই। অপেক্ষাকৃত সহজ গ্রুপই পেয়েছে গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্তিনা ও পাঁচবারের বিশ্বসেরা ব্রাজিল। গ্রুপ বিন্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আয়োজক দেশ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছিলেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শিনবাউম ও কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। আগামী বছর এই তিনটি দেশ জুড়েই বসবে বিশ্বকাপের আসর এবং তাতে অংশ নেবে ৩২-টির পরিবর্তে ৪৮টি দেশ।
A থেকে L, এই ৪৮টি দেশকে বারোটি গ্রুপে বিভক্ত করা হয়েছে। কোন দেশ কোন গ্রুপে রয়েছে তা নিয়ে ফুটবল প্রেমীদের আগ্রহ তুঙ্গে ছিলই। তবে তার আগেই ট্রফি জয় করে নিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এবারই প্রথম ফিফা পিস প্রাইজ চালু হয়েছে এবং প্রথম বছরেই সেই ফিফা শান্তি পুরস্কার পেয়ে গেলেন ট্রাম্প। নোবেল শান্তি পুরস্কার না পাওয়া ট্রাম্পের কাছে সেটাই বা কম কী। ট্রাম্পের গলায় সোনার পদক পরিয়ে দেন ফিফা সভাপতি জিওভ্যান্নি ইনফ্যান্তিনো। যার সাক্ষী থাকলেন বিভিন্ন দেশের জাতীয় ফুটবল দলের কোচও। গলায় সোনার মেডেল ঝুলিয়ে আবেগতাড়িত ট্রাম্পকে বলতে শোনা যায়, গোটা বিশ্ব এখন নিরাপদ। বেশ কয়েকটা যুদ্ধ শুরুর আগেই থামিয়ে দিয়েছি। এই সম্মান পেয়ে আমি গর্বিত।
পরের বছর ১১ জুন শুরু হবে বিশ্বকাপ। ফাইনাল ১৯ জুলাই। বেশি দেশ অংশ নেওয়ায় এবার ম্যাচের সংখ্যাও বেশি। এবার নজর রাখা যাক গ্রুপ বিন্যাসের দিকে।

Group A : মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, কোরিয়া প্রজাতন্ত্র, উয়েফা প্লে অফ D বিজয়ী
Group B : কানাডা, কাতার, সুইজারল্যান্ড, উয়েফা প্লে অফ A বিজয়ী
Group C : ব্রাজিল, মরক্কো, হাইতি, স্কটল্যান্ড
Group D : আমেরিকা, প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া, উয়েফা প্লে অফ C বিজয়ী
Group E : জার্মানি, কুরাসাও, আইভরি কোস্ট, ইকুয়েডর
Group F : নেদারল্যান্ডস, জাপান, তিউনিশিয়া, উয়েফা প্লে অফ B বিজয়ী
Group G : বেলজিয়াম, মিশর, ইরান, নিউজিল্যান্ড
Group H : স্পেন, কেপ ভার্দে, সৌদি আরব, উরুগুয়ে
Group I : ফ্রান্স, সেনেগাল, নরওয়ে, উয়েফা প্লে অফ ২ বিজয়ী
Group J : আর্জেন্তিনা, আলজেরিয়া, অস্ট্রিয়া, জর্ডন
Group K : পর্তুগাল, কলম্বিয়া, উজবেকিস্তান, উয়েফা প্লে অফ ১ বিজয়ী
Group L : ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, ঘানা, পানামা
পরের বছর বিশ্বকাপে গ্রুপ পর্যায়ের লড়াইয়ের পরে ৩২টি দল পরের পর্বে যাবে। এই পর্বকে বলা হবে রাউন্ড অফ থার্টি টু। পরবর্তী পর্যায় হবে রাউন্ড অব সিক্সটিন বা প্রি-কোয়ার্টার ফাইনাল। এরপর কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, তৃতীয় স্থান নির্ধারক ম্যাচ ও ফাইনাল। গ্রুপ বিন্যাস বলছে, অপেক্ষাকৃত সহজ গ্রুপই পেয়েছে ব্রাজিল। মরক্কো, হাইতি ও স্কটল্যান্ডকে হারিয়ে ব্রাজিল সহজেই পরের পর্যায়ে যাবে বলে আশা করা যায়। জে গ্রুপে থাকা আর্জেন্তিনাও অপেক্ষাকৃত সহজ গ্রুপ পেয়েছে। প্রতিপক্ষ আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডন। বিশ্বজয়ীদের কাছে প্রতিপক্ষরা সহজ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তবে গ্রুপ আইয়ে ফ্রান্সের এমবাপের মুখোমুখি হবে আর্লিং হালান্ডের নরওয়ে। যা নিয়ে উত্তেজনা চড়তে শুরু করে দিয়েছে। এল গ্রুপে ইংল্যান্ড-ক্রোয়েশিয়া ম্যাচও নজরকাড়া হতে পারে। এশিয়াবাসীদের বিশেষ নজর থাকবে গ্রুপ এফের দিকে। এই গ্রুপেই রয়েছে জাপান। যাদের প্রতিপক্ষরা হল নেদারল্যান্ডস, তিউনিশিয়া ও উয়েফা প্লে অফ B বিজয়ী।
২০২৬ বিশ্বকাপের থিম সং ডিজায়ার। সেই গান পরিবেশন করেন ব্রুস স্প্রিংস্টিন ও নিকোল শারজিঙ্গার। ১৯ জুলাই নিউইয়র্কের অদূরে ইস্ট রাদারফোর্ডে মেট লাইফ স্টেডিয়ামে কোন দেশের স্বপ্নপূরণ হয় সেটাই এখন দেখার।