শুভেন্দুর শাহী মনোনয়ন ঘিরে ধুন্ধুমার !

রোড শোতে ‘জয় বাংলা’ স্লোগান তৃণমূলের। ‘চোর-চোর’ স্লোগানও ওঠে। পাল্টা স্লোগান দিতে শুরু করেন বিজেপি কর্মীরাও।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক : ভবানীপুরে ভোটের আগে উত্তেজনা তুঙ্গে। বৃহস্পতিবার কালীঘাট চত্বরে বিজেপির রোড শো ঘিরে তুমুল বিক্ষোভ, পাল্টা স্লোগান ও ধস্তাধস্তিতে কার্যত অগ্নিগর্ভ হয়ে ওঠে এলাকা। পরিস্থিতি সামাল দিতে কড়া হাতে নামতে হয় পুলিশকে।

এ দিন বিজেপির রোড শো পৌঁছয় মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনের গলির কাছে। সেখানে আগে থেকেই জমায়েত করেছিলেন তৃণমূল কর্মী-সমর্থকেরা। রোড শো পৌঁছতেই ‘জয় বাংলা’ স্লোগানের পাশাপাশি ‘চোর-চোর’ স্লোগানে সরব হন তাঁরা। পাল্টা স্লোগান দিতে শুরু করেন বিজেপি কর্মীরাও। ক্রমে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং দুই পক্ষের মধ্যে বচসা গড়ায় ধস্তাধস্তিতে।

এই উত্তেজনার মধ্যেই হুডখোলা গাড়ি থেকে নেমে পড়েন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। পরে নিরাপত্তার স্বার্থে তাঁকে কনভয়ের অন্য একটি গাড়িতে তুলে দেওয়া হয়। দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

এই ঘটনার মধ্যেই ভবানীপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) মনোনয়ন জমা দেন সার্ভে বিল্ডিংয়ে। তাঁর রোড শোতেই উপস্থিত ছিলেন শাহ। অন্যদিকে, পাল্টা কর্মসূচি হিসেবে সকাল থেকেই বিভিন্ন জায়গায় কালো পতাকা হাতে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল সমর্থকেরা।

উল্লেখ্য, আসন্ন (WB Assembly Election 2026) বিধানসভা নির্বাচনকে ঘিরে ভবানীপুর এখন অন্যতম হাইভোল্টেজ কেন্দ্র। একদিকে তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), অন্যদিকে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী—এই লড়াই ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমেই চড়ছে।

যদিও কালীঘাটের বিক্ষোভ নিয়ে সরাসরি কোনও মন্তব্য করেননি শাহ, তবে হাজরা থেকে ফের ‘সোনার বাংলা’ গড়ার ডাক দেন তিনি। শুভেন্দুকে পাশে নিয়ে তাঁর মন্তব্য, “এইবার বাংলার মানুষ তৃণমূলকে ক্ষমতা থেকে সরাবে। সরকার গঠনের পর আমরা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্বপ্নের সোনার বাংলা গড়ব।”

শাহ আরও দাবি করেন, ২০২৬ সালের নির্বাচনে বাংলায় পরিবর্তন অনিবার্য। তাঁর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক তরজা আরও বেড়েছে।

সব মিলিয়ে, ভোট যত এগিয়ে আসছে, ততই ভবানীপুরে উত্তেজনার পারদ চড়ছে। কালীঘাটের ঘটনা সেই রাজনৈতিক সংঘাতেরই স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।