পুলিশের গায়ে হাত তুললে জেলে যেতে হবে :শুভেন্দু

পুলিশকর্মীদের উপর হামলা কোনও ভাবেই বরদাস্ত করা হবে না। এমন ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘পুলিশের গায়ে হাত তুললে আইনের পথেই তাদের শিক্ষা দেওয়া হবে। শেষ পর্যন্ত জেলে যেতে হবে।’’

আসানসোলে পুলিশ ফাঁড়িতে ভাঙচুরের প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী জানান, ওই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। ভবিষ্যতেও পুলিশকে আক্রমণ করলে তাঁদের গ্রেফতার করে দ্রুত বিচারের মুখোমুখি করা হবে বলে দাবি তাঁর। একই সঙ্গে পুলিশ-প্রশাসনের পরিকাঠামো এবং জনবল বাড়ানোর কথাও জানান তিনি।

শুভেন্দুর দাবি, রাজ্যে প্রতি এক লক্ষ মানুষের জন্য মাত্র ১০৫ জন পুলিশকর্মী রয়েছেন। এই ঘাটতি মেটাতে কেন্দ্রের কাছে আরও দু’টি ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটালিয়ন (IRB) তৈরির প্রস্তাব পাঠানো হয়েছে। কেন্দ্র অনুমোদন দিলেই নিয়োগ শুরু হবে বলে জানান তিনি।

মুখ্যমন্ত্রীর দাবি, পুলিশের বিভিন্ন পদে মোট ২৯ হাজার নিয়োগের প্রক্রিয়া চলছে। প্রতি মাসেই নিয়োগ হবে। ডিসেম্বর মাসে ১৩১ জন সাব-ইনস্পেক্টর ও অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টর এবং জানুয়ারিতে চার হাজার কনস্টেবল নিয়োগ করা হবে বলেও জানান তিনি। পাশাপাশি পুলিশে আধুনিকীকরণ, পরিকাঠামো উন্নয়ন এবং প্রশিক্ষণের উপর জোর দেওয়া হচ্ছে।

এ দিন ২৭,৫৫৬টি পদে নিয়োগের কথা জানান শুভেন্দু। পুলিশ ছাড়াও বন দফতর-সহ বিভিন্ন বিভাগে নিয়োগ হবে বলে দাবি তাঁর। ওবিসি ও ইডব্লিউএস সংক্রান্ত আইনি জটিলতা মিটিয়েই নিয়োগের পথ প্রশস্ত হয়েছে বলে জানান তিনি। পূর্ববর্তী তৃণমূল সরকারের বিরুদ্ধে নিয়োগে গাফিলতির অভিযোগও তোলেন মুখ্যমন্ত্রী।

‘১১২’ জরুরি পরিষেবা আরও শক্তিশালী করা এবং বিএসএফ, রাজ্য পুলিশ ও কেন্দ্রের মধ্যে সমন্বয় বাড়ানোর কথাও জানান তিনি। রবিবার সুন্দরবনের হিঙ্গলগঞ্জ সীমান্ত চৌকিতে গিয়ে বিএসএফ জওয়ানদের সঙ্গে দীপাবলি পালন করবেন বলেও জানান।

এ দিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে হামলার অভিযোগ নিয়ে তৃণমূল পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে। মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ করেছেন। পাল্টা মন্ত্রী দিলীপ ঘোষ দাবি করেন, অভিষেককে খুন করার সময় কারও নেই এবং তৃণমূল মানুষকে বিভ্রান্ত করছে।