সোনারপুরে কাউন্সিলারকে ‘চোর’ আখ্যা দিয়ে পোস্টার, কাউন্সিলারের মাকে মারধরের অভিযোগ; ৩ জন আটক।

বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা : সোনারপুরে রাজপুর-সোনারপুর পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সোনালী রায় ও তাঁর পরিবারের বিরুদ্ধে এলাকায় ‘চোর’ স্লোগান দিয়ে পোস্টার পড়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল। অভিযোগ, পোস্টার দেওয়ার পর একদল ব্যক্তি কাউন্সিলারের বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের মারধর করে।
ঘটনার পর অভিযুক্তদের ধরে প্রশাসনের হাতে তুলে দেন স্থানীয় বিজেপি কর্মীরাই। এই ঘটনায় ৩ জনকে আটক করেছে সোনারপুর থানার পুলিশ। শুরু হয়েছে তদন্ত।
জানা গিয়েছে, কাউন্সিলার সোনালী রায় ও তাঁর স্বামী বিজিত রায়ের বিরুদ্ধে তোলাবাজি ও কাটমানি নেওয়ার অভিযোগ তুলে এলাকায় পোস্টার দেওয়া হয়। কাউন্সিলারের দাবি, লাভলী মৈত্র বিধায়ক থাকাকালীন তিনি কার্যত ঘরবন্দী অবস্থায় ছিলেন এবং সেই সময়ও একাধিকবার হুমকি পেয়েছিলেন। সম্প্রতি তিনি ফের সক্রিয় হয়ে সরকারি কাজকর্ম শুরু করেন। তার মধ্যেই এই ঘটনা ঘটল।

তৃণমূলের অভিযোগ, ঘটনার সঙ্গে বিজেপি-সমর্থিত দুষ্কৃতীরা জড়িত। তবে বিজেপির মণ্ডল সভাপতির দাবি, অভিযুক্তরা বিজেপি কর্মী নন। তাঁর অভিযোগ, তৃণমূলেরই কাউন্সিলার-বিরোধী গোষ্ঠী পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়েছে এবং বিজেপির নাম জড়ানোর চেষ্টা করছে।
ঘটনাকে ঘিরে এলাকায় রাজনৈতিক চাপানউতোর তীব্র হয়েছে। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।