কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের পক্ষ থেকে দেশজুড়ে স্কুল শিক্ষায় যুগান্তকারী পরিবর্তন। কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) পাঠ দেওয়া হবে এবার বুনিয়াদি শিক্ষা থেকেই।
নাজিয়া রহমান, নিজস্ব প্রতিনিধি : এবার তৃতীয় শ্রেণি থেকেই এআই এর শিক্ষা। শুনে অবাক লাগলেও এটাই হতে চলেছে আগামী শিক্ষাবর্ষ থেকে। দেশজুড়ে স্কুল শিক্ষায় আসতে চলেছে যুগান্তকারী পরিবর্তন। এমনই সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের পক্ষা থেকে জানানো হয়েছে যে আগামী ২০২৬-’২৭ শিক্ষাবর্ষ থেকে সিবিএসই-সহ সমস্ত বোর্ডেই এআই-ভিত্তিক পাঠ্যক্রম চালু হবে। অর্থাৎ ক্লাস থ্রি থেকেই শুরু হবে কৃত্রিম বুদ্ধিমত্তা শিক্ষার পাঠ।

ছাত্রছাত্রীদের এই প্রশিক্ষণ দেওয়ার জন্য শিক্ষক-শিক্ষিকাদের দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ। নিষ্ঠা কর্মসূচির মাধ্যমে এই প্রশিক্ষণ দেওয়া হবে শিক্ষক শিক্ষিকাদের। শিক্ষামন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, যে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই ‘এআই অ্যান্ড কম্পিউটেশনাল থিঙ্কিং’ পাঠের জন্য প্রয়োজনীয় রিসোর্স মেটিরিয়াল তৈরি হয়ে যাবে। এইনতুন পাঠ্যসূচি তৈরির দায়িত্বে ছিলেন সিবিএসই-র গঠিত এক বিশেষজ্ঞ কমিটি, যার নেতৃত্বে রয়েছেন আইআইটি মাদ্রাজের অধ্যাপক কার্তিক রমণ। এই পাঠ্যক্রম নিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক একটি বৈঠক করেন। সেই বৈঠকে উপস্থিত ছিলেন সিবিএসই, এনসিইআরটি, কেন্দ্রীয় বিদ্যালয়, নবোদয় বিদ্যালয়ের শীর্ষ কর্তারা। আর এই বৈঠকেই নেওয়া হয় চূড়ান্ত সিদ্ধান্ত। সিদ্ধান্ত হয় তৃতীয় শ্রেণি থেকেই কৃত্রিম বুদ্ধিমত্তা ও গণনামূলক চিন্তনের পাঠ দেওয়া হবে। এই পাঠ তৃতীয় শ্রেণী থেকে বাধ্যতামূলকও করা হবে বলেও সিদ্ধান্ত নেওয়া হয়। মন্ত্রকের এক আধিকারিক জানান, “এআই যেমন উন্নতির হাতিয়ার, তেমনই ভুল ব্যবহারে তা ক্ষতির কারণ হতে পারে। তাই ছোট থেকেই শিক্ষার্থীদের সচেতন করাই লক্ষ্য।”

জাতীয় শিক্ষা নীতি ও স্কুল শিক্ষার জন্য যে জাতীয় কাঠামো রয়েছে, তার সঙ্গে সামঞ্জস্য রেখেই এআই-কে স্কুল শিক্ষায় অন্তর্গত করা হবে বলে জানা গেছে। পাশাপাশি ছাত্রছাত্রীদের যাতে এই এআই এর পাঠ সঠিক ভাবে দেওয়া হয় তারজন্য শিক্ষক শিক্ষিকাদের প্রশিক্ষণের জন্য জাতীয় স্তরে বেশ কিছু প্রোগ্রাম, এনসিইআরটি-র তৈরি ভিডিয়ো বেসড লার্নিং ও বইয়ের উপরে ভিত্তি করে একটি প্রশিক্ষণ পাঠ্যক্রম তৈরি করা হয়েছে।

এদেশেই প্রথম নয়। পৃথিবীর বেশ কয়েকটি দেশের শিক্ষাক্ষেত্রে যুক্ত হয়েছে এআই। প্রসঙ্গত, চিনে স্কুলগুলিতে এআই পড়া বাধ্যতামূলক। আবার দক্ষিণ কোরিয়াতে স্কুলের টেক্সট বই ডিজিটাল করা হয়েছে । সেই পাঠ্যসূচি পড়তে হয় এআই ব্যবহার করে। অন্যদিকে আমেরিকায় কলেজ পড়ুয়াদের সিলেবাসে রয়েছে এআই। অস্ট্রেলিয়ায় ২০২৩ সাল থেকে স্কুলের পাঠ্যক্রমে এআই যুক্ত হয়েছে। এআই নিয়ে জাপানে স্কুলে স্কুলে এআই এর পাইলট প্রজেক্ট করা শেখানো হচ্ছে। এবার ভারতেও শিক্ষার বুনিয়াদি স্তরে যুক্ত হতে চলেছে এআই। তবে পশ্চিমবঙ্গে একাদশ ও দ্বাদশ শ্রেণিতে বছরখানেক আগে একটি আলাদা বিষয় হিসেবে যুক্ত হয়েছে এআই। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে এই বিষয়টি উচ্চমাধ্যমিক স্তরে যুক্ত করা হয়েছে।