উপরাষ্ট্রপতির চেন্নাইয়ে বাড়ি বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি ইমেল!
পুর্ণেন্দু চক্রবর্তী , সাংবাদিক: উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণনের চেন্নাইয়ে বাড়ি উড়িয়ে দেওয়ার হুমকি! শুক্রবার তামিলনাড়ুর ডিজিপি অফিসে আসে এই হুমকি ইমেলটি।
কে এই হুমকি দিলেন ? হুমকির নেপথ্যে কী ? কারণ তা এখনও স্পষ্ট নয়।
দিন কয়েক আগে তামিলাগা ভেটরি কাজ়াগম-এর (টিভিকে) প্রতিষ্ঠাতা তথা অভিনেতা ‘থলপতি’ বিজয়ের বাড়িতে বোমাতঙ্ক ছড়ায়। সেই ঘটনার রেশ কাটতে না-কাটতে এ বার উপরাষ্ট্রপতির বাড়িতে বোমাতঙ্ক ছড়াল।

তামিলাগা ভেটরি কাজ়াগম-এর (টিভিকে) প্রতিষ্ঠাতা তথা অভিনেতা ‘থলপতি’ বিজয়ের বাড়িতে বোমা রাখা আছে, দিনকয়েক আগে এমন হুমকিবার্তা পাঠানো হয়েছিল। খবর দেওয়া হয় পুলিশকে। বিজয়ের বাড়িতে আসে বম্ব স্কোয়াডও। তবে তন্ন তন্ন করে তল্লাশি চালিয়েও কিছুই পাওয়া যায়নি তাঁর বাড়ি থেকে। সেই ঘটনার রেশ কাটতে না-কাটতে এ বার উপরাষ্ট্রপতির বাড়িতে বোমাতঙ্ক ছড়াল।
জানা গিয়েছে, শুক্রবার রাজ্য পুলিশের ডিজি-র দফতরে একটি ইমেল আসে। সেই ইমেলে স্পষ্ট ভাষায় লেখা ছিল যে, উপরাষ্ট্রপতির বাড়িতে বোমা হামলা করা হবে। হুমকিবার্তা পাওয়ার পরেই তৎপর হয় পুলিশ। রাধাকৃষ্ণনের বাড়িতে পৌঁছয় পুলিশের একটি দল। খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডকেও। তবে অনেক খোঁজাখুঁজির পরেও সন্দেহজনক কোনও কিছু মেলেনি উপরাষ্ট্রপতির বাড়িতে। এমনই দাবি করেছে পুলিশ। পুলিশের অনুমান, আতঙ্ক তৈরি করার উদ্দেশ্য নিয়েই ভুয়ো বোমা হামলার হুমকি ছড়ানো হয়েছিল। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
দিনকয়েক আগে কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এবং উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমারের বাড়ি উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল ইমেলে। বিখ্যাত সঙ্গীত পরিচালক ইলায়ারাজার চেন্নাইয়ের স্টুডিওতেও বোমা রাখা হয়েছে বলে হুমকি আসে। গত আট মাসে দিল্লির প্রায় ১৫০ স্কুল এবং কলেজে বোমাতঙ্ক ছড়ানো হয়। ভুয়ো বোমাতঙ্কের হাত থকে নিস্তার পায়নি বিভিন্ন হোটেল এবং দিল্লি হাই কোর্টও। যা নিয়ে উদ্বেগ বেড়েছে প্রশাসনের।