বাংলার আকাশে ফের বদলের ইঙ্গিত। বৃষ্টির সম্ভাবনার কথা আগেই জানিয়েছিল আবহাওয়া দপ্তর। সেই পূর্বাভাস অনুযায়ী, সোমবার থেকেই আবহাওয়ার মেজাজ বদলাতে পারে। মঙ্গল থেকে বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির আশঙ্কা রয়েছে। এর মধ্যেই বুধবার ভাইফোঁটা। ফলে উৎসবের আনন্দে কি বাধা হয়ে দাঁড়াবে বৃষ্টি? ভাইয়ের কপালে ফোঁটা দিতে যাওয়ার পথে কি ভোগান্তিতে পড়তে হবে বোনেদের? সেই চিন্তাই এখন ঘুরপাক খাচ্ছে।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার আকাশে মেঘের আনাগোনা বাড়তে পারে। আগামী কয়েকদিন তাপমাত্রাও কিছুটা ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢোকার জেরেই কলকাতা-সহ আশপাশের এলাকায় বাড়তে পারে আর্দ্রতাজনিত অস্বস্তি। সোমবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.৭ ডিগ্রি সেলসিয়াস। রবিবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩০.২ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ঘোরাফেরা করছে ৫৬ থেকে ৯৬ শতাংশের মধ্যে। আবহাওয়াবিদদের মতে, মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি। বুধবারও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার পর্যন্ত বজায় থাকতে পারে এই পরিস্থিতি। পাশাপাশি কয়েকটি এলাকায় সকালের দিকে কুয়াশারও দেখা মিলতে পারে।
দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সোমবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া এবং মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। মঙ্গলবার বৃষ্টির দাপট থাকতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। তবে বুধবার পরিস্থিতির আরও পরিবর্তন হতে পারে। সেদিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রতিটি জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার থেকে ধীরে ধীরে বদলাবে আবহাওয়ার পরিস্থিতি। কমতে পারে বৃষ্টির পরিমাণ।
উত্তরবঙ্গেও সপ্তাহের শুরুতে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। সোমবার মালদহ, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবারও এই পাঁচ জেলায় বৃষ্টির পরিস্থিতি বজায় থাকতে পারে। বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গেও আবহাওয়ার উন্নতি হওয়ার ইঙ্গিত মিলেছে। পাশাপাশি তাপমাত্রার পারদও কিছুটা নামতে পারে।