মুম্বাই উড়িয়ে দেওয়ার হুমকি, নয়ডা থেকে ধৃত অভিযুক্ত

শুক্রবার মুম্বাই পুলিশের কাছে হুমকি ফোন এসেছিল মুম্বাই শহর উড়িয়ে দেওয়ার, তার ২৪ ঘন্টার মধ্যেই বড় সাফল্য।

সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, নিজস্ব প্রতিনিধিঃ ৪০০ কেজি আরডিএক্স নিয়ে শহরে ঢুকে পড়েছে ৩৪ মানববোমা। গণেশপুজোর বিসর্জনের দিনই উড়িয়ে দেওয়া হবে মুম্বই শহরের বিভিন্ন প্রান্ত। ‘লস্কর-ই-জেহাদি’ নামক সংগঠনের নামে মিলেছিল হুমকি। তদন্তে নেমে এক বিহারী প্রৌঢ়কে গ্রেফতার করল পুলিশ।

শুক্রবার হুমকি এমন সময়ে এসেছিল, যখন মুম্বই শহরে গণপতি বিসর্জনের প্রস্তুতি পুরোদমে চলছিল। শনিবার অনন্ত চতুর্দেশী, গণেশ উৎসবের শেষ দিন। এর কারণে পুলিশ অত্যন্ত গুরুত্ব দিয়ে বিষয়টি দেখে এবং তখনই তদন্ত শুরু করে। কারণ ২৬/১১-র স্মৃতি আজও জীবন্ত আর উৎসবের আবহে যাতে কোনরকম নাশকতা মূলক ঘটনা না ঘটে তার জন্য গোটা শহরে অ্যালার্ট জারি করা হয়।

একদিকে যেমন মুম্বাই শহর জুড়ে আঁটসাঁট নিরাপত্তার ব্যবস্থা করা হয়, বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা গুলোতে মোতায়েন করা হয় বাড়তি পুলিশ, নামানো হয় ডগ এবং বম্ব স্কোয়াডকে এর পাশাপাশি কোথা থেকে এসেছিল এই ফোন তা জানার চেষ্টাও চলতে থাকে পুলিশের তরফে। তল্লাশি শুরু হয় বার্তা প্রেরকের।

পুলিশের সাইবার শাখা এবং অপরাধদমন শাখার যৌথ উদ্যোগে বার্তা প্রেরকের হদিস মেলে নয়ডায়। সঙ্গে সঙ্গে নয়ডার পুলিশ কমিশনার লক্ষ্মী সিংহের সঙ্গে যোগাযোগ করে মুম্বাই পুলিশ। নয়ডা পুলিশ একটি দল গঠন করে বার্তা প্রেরকের তল্লাশিতে নামে। বেশ কয়েকটি সূত্র মারফত খবর পেয়ে নয়ডার ১১৩ সেক্টরে হুমকিবার্তা প্রেরকের হদিস মেলে। সূত্রের খবর, অভিযুক্তের নাম অশ্বিন কুমার সুপ্রা । তাঁকে গ্রেফতার করে মুম্বই পুলিশের হাতে তুলে দেওয়া হয়। নয়ডা থেকে কেনা একটি মোবাইল ফোন এবং সিমকার্ড ব্যবহার করেই মুম্বই পুলিশের কাছে হুমকি বার্তা পাঠানো হয়। তাঁকে মুম্বাই নিয়ে গিয়ে আরও জিজ্ঞাসাবাদ করা হবে।