বিজয়ার আগে বিসর্জন ঘাট পরিদর্শনে শীর্ষ আধিকারিকরা

বিজয়া দশমীর আগে দুর্গাপুর ব্যারেজের বিসর্জন ঘাট পরিদর্শনে প্রশাসনের শীর্ষ আধিকারিকরা, হাইড্রোলিক পদ্ধতিতে হবে প্রতিমা নিরঞ্জন। বিজয়া দশমীর আগে প্রতিমা নিরঞ্জন নির্বিঘ্নে সম্পন্ন করতে আগাম প্রস্তুতি খতিয়ে দেখল জেলা প্রশাসন ও দুর্গাপুর নগর নিগম।

প্রশান্ত মাল, নিজস্ব সংবাদদাতা

মঙ্গলবার দুপুরে দুর্গাপুর ব্যারেজের বিসর্জন ঘাট পরিদর্শন করেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক পন্নামবলাম এস, আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনার ডাঃ প্রণব কুমার, ডেপুটি কমিশনার রাসপ্রিত সিং, দুর্গাপুর নগর নিগমের কমিশনার আবুল কালাম আজাদ ইসলাম-সহ প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। উপস্থিত ছিলেন দুর্গাপুরের মহকুমা শাসক ও বিধায়কও।

দুর্গাপুরের অন্যতম গুরুত্বপূর্ণ বিসর্জন ঘাট দুর্গাপুর ব্যারেজে প্রতি বছরই প্রতিমা নিরঞ্জনকে কেন্দ্র করে ব্যাপক ভিড় হয়। বিভিন্ন পুজো কমিটির প্রতিমা বিসর্জনের পাশাপাশি বহু দর্শনার্থীরও সমাগম ঘটে সেখানে। ফলে যান চলাচল নিয়ন্ত্রণ, ভিড় সামলানো এবং জলাশয়ের কাছে নিরাপত্তা বজায় রাখা প্রশাসনের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। সেই কথা মাথায় রেখেই বিজয়া দশমীর আগে ঘাটের সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখেন আধিকারিকরা।