‘মমতা জমানায় বঞ্চিত আদিবাসীরা’, দাবি শুভেন্দুর,

মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে সরকারি প্রকল্প ও বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে আদিবাসীরা বঞ্চিত হয়েছেন বলে অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার জনজাতি গৌরব দিবস উপলক্ষে আলিপুরদুয়ারের কুমারগ্রামে আয়োজিত সভা থেকে তাঁর দাবি, রাজ্যে ক্ষমতার পালাবদল না হলে সেই বঞ্চনা এখনও চলত। পাশাপাশি আদিবাসীদের উন্নয়নে তাঁর সরকারের একাধিক পদক্ষেপের কথাও তুলে ধরেন তিনি।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক

বিরসা মুন্ডার জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত সভায় শুভেন্দু বলেন, ‘‘আদিবাসীদের প্রতি বঞ্চনা হয়েছে। সরকারি প্রকল্পের সুবিধা পাননি। রাজ্যে পরিবর্তন না হলে সরকারি প্রকল্প থেকে এখনও আদিবাসীরা বঞ্চিত হতেন।’’ তাঁর দাবি, বর্তমানে জনজাতি সম্প্রদায়ের জন্য একাধিক প্রকল্প নেওয়া হয়েছে এবং সরকারি সুবিধা থেকে আর কাউকে বঞ্চিত করা হবে না।

সভা থেকে আদিবাসীদের জন্য একগুচ্ছ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, ভুয়ো এসটি শংসাপত্র বাতিল করা হবে। যোগ্য ব্যক্তিরাই আবাস প্রকল্পের সুবিধা পাবেন। আগের সরকার প্রতিশ্রুতি দিয়েও তা বাস্তবায়ন করতে পারেনি বলেও অভিযোগ করেন তিনি। পাশাপাশি জঙ্গলে বসবাসকারী আদিবাসীদের জমির পাট্টা দেওয়ার কাজ তাঁর সরকার করেছে বলে দাবি করেন শুভেন্দু।

এ দিনের সভায় রাজনৈতিক আক্রমণও বাদ যায়নি। বিজেপি সাংসদ খগেন মুর্মুর উপর তৃণমূলের কর্মীদের হামলার অভিযোগ তুলে পুরনো মামলার ফাইল ফের খোলার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গের আইজি-কে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দিয়ে তিনি বলেন, ‘‘কাউকে ছাড়া হবে না। সবাইকে গ্রেফতার করে শাস্তির ব্যবস্থা করুন।’’

সভা শেষে অবশ্য বদলে গেল পরিবেশ। আদিবাসীদের সঙ্গে গানের তালে নাচতে দেখা গেল মুখ্যমন্ত্রীকে। তাঁর সঙ্গে ছিলেন খগেন মুর্মু এবং রাজ্যের মন্ত্রী নিশীথ প্রামাণিক। জনজাতি গৌরব দিবসের মঞ্চ থেকে এক দিকে যেমন উন্নয়নমূলক পদক্ষেপের বার্তা দিলেন শুভেন্দু, অন্য দিকে পুরনো সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে রাজনৈতিক আক্রমণও শানালেন তিনি।