সাগরদ্বীপে হুগলি নদীতে জোড়া টর্নেডো!

জোড়া টর্নেডোর জেরে তীব্র ঝড়-বৃষ্টি, আতঙ্ক ।

বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা : প্রকৃতির বিরল ও আতঙ্কজনক দৃশ্যের সাক্ষী থাকল দক্ষিণ ২৪ পরগনার সাগরদ্বীপ। শুক্রবার বেলা সাড়ে এগারোটা নাগাদ মহিষামারি এলাকায় হুগলি নদীর বুকে জোড়া টর্নেডোর জেরে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকাবাসীদের মধ্যে। হঠাৎ করেই নদীর জল থেকে আকাশের দিকে ঘূর্ণায়মান বিশাল জলস্তম্ভ তৈরি হতে দেখেন স্থানীয় বাসিন্দা ও মৎস্যজীবীদের একাংশ। এর ফলে প্রবল আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নদীর মাঝখানে এই ঘূর্ণি দীর্ঘক্ষণ স্থায়ী ছিল।

​টর্নেডো দৃশ্যমান হওয়ার কিছুক্ষণের মধ্যেই আকাশ ঘন কালো মেঘে ঢেকে যায়। শুরু হয় দমকা হাওয়া এবং মুষলধারে বৃষ্টি। নদীর মাঝখানের পরিস্থিতি উত্তাল হয়ে উঠলে মৎস্যজীবীরা আতঙ্কিত হয়ে পড়েন। নদীতে থাকা সমস্ত নৌকা ও ট্রলারকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে আসা হয়।

আবহাওয়ার এই আকস্মিক ও তীব্র পরিবর্তনে উপকূলীয় এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসন ও বিপর্যয় মোকাবিলা বাহিনী পরিস্থিতির ওপর নজর রাখছে।

এখনও পর্যন্ত এই ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। প্রশাসন পরিস্থিতির ওপর কড়া নজর রেখেছে এবং বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে।