প্রশ্নে সেবাশ্রয়, অভিযোগ একরত্তির বাবা-মা

‘আশ্বাস মেলেনি, হাত হারাল কৃতি’, বাবা-মায়ের অভিযোগ।

বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা : সেবাশ্রয় ক্যাম্পে গিয়ে চিকিৎসার আশ্বাস পেয়েও শেষরক্ষা হল না। চিকিৎসায় দেরি হওয়ায় বেঙ্গালুরুতে ডান হাত বাদ গেল আড়াই বছরের কৃতি মান্নার।

বিষ্ণুপুর থানার বোরহানপুরের বাসিন্দা চিত্তরঞ্জন মান্না ও রুমা মান্নার অভিযোগ, ২০২৫ সালের ২৪ জানুয়ারি মেয়েকে নিয়ে তাঁরা যান পৈলানের মডেল সেবাশ্রয় ক্যাম্পে। তখন কৃতির ডান হাতে তীব্র ব্যথা। দিল্লির AIIMS-এ চিকিৎসা চলছিল।

পরিবারের দাবি, ওই ক্যাম্পেই তাঁদের সঙ্গে দেখা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তিনি মেয়ের সমস্ত চিকিৎসা ও পড়াশোনার দায়িত্ব নেওয়ার কথা দেন। ২০২৫ সালের ‘নিঃশব্দ বিপ্লব’ বইয়ের ২৩ নম্বর পাতায় কৃতির ছবিও ছাপা হয়।

কিন্তু ৬ মাস কেটে গেলেও কোনও সুরাহা হয়নি বলে অভিযোগ। অবস্থার অবনতি হলে শেষে বেঙ্গালুরুর এক হাসপাতালের চিকিৎসকরা জানান অনেক দেরি হয়ে গেছে। বাধ্য হয়ে কৃতির ডান হাত বাদ দিতে হয়।

কৃতির বাবা চিত্তরঞ্জন মান্না বলেন, “সেবাশ্রয়ে গিয়ে আশার বুক বেঁধেছিলাম। কিন্তু আমার মেয়ের হাত কেটে বাদ দিতে হল।”

মা রুমা মান্নার অভিযোগ, “সারা জীবনের মতো মেয়ের ডান হাতটা চলে গেল। আমরা আইনের দ্বারস্থ হয়েছি।”

এদিন বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নাম না করে বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রেয়াত করা হবে না। এরপরই মান্না পরিবার জানান, তাঁরা যেন সঠিক বিচার পান।