একসময় তিনি ছিলেন পাকিস্তানের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি। ক্রিকেটের মাঠে বিশ্বজয় থেকে শুরু করে দেশের প্রধানমন্ত্রীর চেয়ার। দীর্ঘ রাজনৈতিক ও ক্রীড়াজীবনে একাধিক উত্থান-পতনের সাক্ষী থেকেছেন তিনি। কিন্তু আজ সেই ইমরান খানের ঠিকানা জেলের চার দেওয়ালের মধ্যে। আর সেখান থেকেই এবার এমন এক চিঠি লিখলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী। যা ঘিরে নতুন করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে পাকিস্তানের রাজনীতিতে।

নিজের শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। শুধু নিজের জন্যই নয়, স্ত্রী বুশরা বিবির চিকিৎসার দাবিতেও সরব হয়েছেন ইমরান। তাঁর আশঙ্কা, সময়মতো চিকিৎসা না হলে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছতে পারে, যেখান থেকে আর ফিরে আসা সম্ভব হবে না। এমনকি নিজের প্রাণসংশয়ের কথাও জানিয়েছেন তিনি। প্রশ্ন উঠছে, পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীর চিকিৎসা নিয়ে কেন আদালতের দ্বারস্থ হতে হচ্ছে? জেলের ভিতরে ঠিক কী পরিস্থিতির মধ্যে দিন কাটছে ইমরান খান ও তাঁর স্ত্রীর?
ঘটনার সূত্রপাত সোমবার, ১৬ নভেম্বর। ইমরান খানের আইনজীবী ব্যারিস্টার সলমন সফদর সমাজমাধ্যমে একটি খোলা চিঠি প্রকাশ করেন। পাকিস্তানের ফেডারেল সাংবিধানিক আদালত, সুপ্রিম কোর্ট ও ইসলামাবাদ হাই কোর্টের প্রধান বিচারপতিদের উদ্দেশে লেখা হয়েছে এই চিঠি। আইনজীবী জানিয়েছেন, গত ১১ নভেম্বর আদিয়ালা জেলে ইমরান খানের সঙ্গে সাক্ষাতের সময় তাঁর নির্দেশ ও বক্তব্যের ভিত্তিতেই এই চিঠি তৈরি করা হয়েছে। এর আগে ২ নভেম্বরও ইমরানের সঙ্গে দেখা করেছিলেন তিনি। চিঠিতে ইমরান স্পষ্ট জানিয়েছেন, তাঁর এবং স্ত্রী বুশরা বিবির শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। তাই আর দেরি না করে তাঁদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা হোক ও আদালতের আগের নির্দেশ কার্যকর করা হোক।
চিঠিতে নিজের শারীরিক অবস্থার যে বিবরণ দিয়েছেন ইমরান তা যথেষ্ট উদ্বেগজনক। তাঁর দাবি, দীর্ঘদিন ধরে নির্জন কারাবাসে থাকার কারণে রক্তচাপ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। চিঠিতে তিনি রক্তচাপের মাত্রা ১৩০ থেকে বেড়ে ১৫০, ১৭০ এবং শেষ পর্যন্ত ১৯২ ও ১৯৩ পর্যন্ত পৌঁছনোর কথা উল্লেখ করেছেন। চিকিৎসকেরা তাঁকে জানিয়েছেন, এই পরিস্থিতিতে মস্তিষ্কে রক্তক্ষরণ ও হৃদ্যন্ত্রেরও ক্ষতি হয়েছে বলে দাবি। ৭৪ বছর বয়সে এই পরিস্থিতি তাঁকে এমন এক আশঙ্কার মধ্যে ঠেলে দিচ্ছে যেখান থেকে হয়তো আর জীবিত ফিরে আসতে পারবেন না। চিঠিতে এমনই মর্মস্পর্শী বক্তব্য রেখেছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী।
শুধু হৃদ্যন্ত্রের সমস্যা নয়, চোখের দৃষ্টিশক্তি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন ইমরান। তাঁর ডান চোখের দৃষ্টিশক্তির প্রায় ৮৫ শতাংশ নষ্ট হয়ে গিয়েছে বলে আগে তাঁর আইনজীবী আদালতে জানিয়েছিলেন। ইমরানের অভিযোগ, তাঁর শারীরিক অবস্থার যথাযথ গুরুত্ব দেওয়া হচ্ছে না। গত ১৮ অগস্ট পাকিস্তানের সুপ্রিম কোর্ট তাঁকে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তরিত করার নির্দেশ দিয়েছিল বলে চিঠিতে উল্লেখ করেছেন তিনি। পাশাপাশি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিক্যাল বোর্ড গঠন ও পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগের সুযোগ দেওয়ার কথাও বলা হয়েছিল। কিন্তু ইমরানের অভিযোগ, আদালতের সেই নির্দেশ সম্পূর্ণ ভাবে বাস্তবায়িত হয়নি। তাঁকে সরকারি হাসপাতাল পাকিস্তান ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস নিয়ে যাওয়া হলেও পরে কয়েক ঘণ্টার মধ্যেই আবার জেলে ফিরিয়ে আনা হয়।
এ বার আসা যাক তাঁর স্ত্রী বুশরা বিবির শারীরিক পরিস্থিতির কথায়। ইমরানের চিঠিতে স্ত্রীর চিকিৎসা নিয়ে বিশেষ উদ্বেগ প্রকাশ করা হয়েছে। তাঁর দাবি, ২০২৬ সালের এপ্রিল মাসে বুশরা বিবির চোখের রেটিনায় গুরুতর সমস্যা দেখা দেয়। রেটিনা বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে জটিল অস্ত্রোপচারও করতে হয় তাঁকে। কিন্তু অস্ত্রোপচারের পরেই তাঁকে আবার জেলে ফিরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। ইমরান জানিয়েছেন, চলতি মাসে স্ত্রীর সঙ্গে দেখা করার সময় তাঁর চোখের অবস্থা দেখে তিনি অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়েন। আলো সহ্য করতে পারছিলেন না বুশরা। এমনকি চোখ খুলতেও অসুবিধা হচ্ছিল বলে দাবি তাঁর। দ্রুত আরও একটি অস্ত্রোপচার না হলে বুশরা বিবি স্থায়ীভাবে দৃষ্টিশক্তি হারাতে পারেন বলেও আশঙ্কা প্রকাশ করেছেন ইমরান। তাঁর অভিযোগ, স্ত্রীর চিকিৎসার নথি পরিবারের হাতে তুলে দেওয়া হচ্ছে না ও পছন্দের চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসা নেওয়ার সুযোগও মিলছে না। এই পরিস্থিতিতে বুশরা বিবির চিকিৎসার জন্যও আদালতের জরুরি হস্তক্ষেপ চেয়েছেন তিনি।
পাশাপাশি জেলের ভিতরে তাঁর জীবনযাপন নিয়েও একাধিক অভিযোগ তুলেছেন ইমরান। তাঁর দাবি, দীর্ঘ সময় ধরে দিনের প্রায় ২২ ঘণ্টা তাঁকে নির্জন কারাকক্ষে থাকতে হচ্ছে। পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করা আইনজীবীদের সঙ্গে যোগাযোগ, এমনকি দুই ছেলে কাসিম ও সুলেমানের সঙ্গে ফোনে কথা বলার সুযোগও পর্যাপ্ত ভাবে পাচ্ছেন না তিনি। পড়াশোনার বই ও টেলিভিশনের মতো সাধারণ সুযোগ থেকেও বঞ্চিত থাকার অভিযোগ করেছেন। তাঁর বক্তব্য, জেলের মেডিক্যাল বোর্ডও মানসিক স্বাস্থ্যের কথা বিবেচনা করে পরিবারের সঙ্গে আরও নিয়মিত যোগাযোগ, বই পড়া এবং টেলিভিশন দেখার সুযোগ দেওয়ার সুপারিশ করেছিল। কিন্তু সেই সুপারিশও কার্যকর হয়নি বলে দাবি করেছেন তিনি। ইমরানের মতে, দীর্ঘদিনের এই একাকিত্ব শুধু তাঁর শারীরিক অবস্থাকেই নয়, মানসিক স্বাস্থ্যের উপরেও নেতিবাচক প্রভাব ফেলছে।
এই অভিযোগের পাল্টা বক্তব্যও সামনে এসেছে পাকিস্তান সরকারের তরফে। পাক সরকারের মন্ত্রী তারিক ফজল চৌধুরী ইমরানের বক্তব্যের সঙ্গে সহমত নন। তাঁর দাবি, ইমরান খানকে নিয়মিত চিকিৎসা দেওয়া হচ্ছে ও পরীক্ষা-নিরীক্ষার জন্য তাঁকে আট বার ইসলামাবাদের পিমস হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। প্রতিবারই তাঁর শারীরিক অবস্থা ও রক্তচাপ সন্তোষজনক ছিল বলে দাবি করেছেন মন্ত্রী। এমনকি ইমরান নিজের পছন্দমতো খাবার, বই এবং টেলিভিশনের সুবিধাও পাচ্ছেন বলে জানিয়েছে সরকার। নির্জন কারাবাস এবং পরিবারের সঙ্গে যোগাযোগ করতে না দেওয়ার অভিযোগও অস্বীকার করেছে পাক প্রশাসন। সরকারের দাবি, ২০২৩ সাল থেকে বন্দি থাকার সময় ইমরানের সঙ্গে ৯০০-রও বেশি বার সাক্ষাতের সুযোগ দেওয়া হয়েছে।
২০২৩ সালের ৫ অগস্ট থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে বন্দি রয়েছেন ইমরান খান। ২০২২ সালের এপ্রিল মাসে সংসদে অনাস্থা প্রস্তাবে প্রধানমন্ত্রীর পদ হারানোর পর থেকেই তাঁর বিরুদ্ধে একের পর এক মামলা সামনে আসে। দুর্নীতি-সহ একাধিক মামলায় সাজা ও আইনি লড়াইয়ের মধ্যে দিয়ে যেতে হচ্ছে তাঁকে। ২০২৫ সালের ডিসেম্বরে তোশাখানা-সংক্রান্ত বুলগারি মামলায় ইমরান খান ও বুশরা বিবিকে ১৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়। সেই রায়ের বিরুদ্ধে আইনি লড়াই চলছে। বুশরা বিবিও ২০২৫ সালের জানুয়ারি থেকে কারাবন্দি। ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফয়ের দাবি, এই মামলাগুলির পিছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। অন্যদিকে সরকার জানিয়েছে, আদালতের দেওয়া সাজা অনুযায়ীই তাঁরা কারাবন্দি রয়েছেন।