‘রামায়ণ’ চলাকালীন আমিষ বর্জনের দাবি দর্শকদের

নীতেশ তিওয়ারির পরিচালনায় তৈরি ‘রামায়ণ’ ছবিতে ভগবান রামের চরিত্রে অভিনয় করছেন রণবীর কাপুর। এই চরিত্রের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে বিশেষ কিছু নিয়ম মেনে চলেছিলেন অভিনেতা। মদ ও আমিষ খাবার থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন তিনি। শুধু অভিনয়ের প্রয়োজনে নয়, রামের চরিত্রের প্রতি শ্রদ্ধা ও আবেগ থেকেই এমন সিদ্ধান্ত নিয়েছিলেন রণবীর। স্বেচ্ছায় নিরামিষ খাবার বেছে নেওয়ার তাঁর এই পদক্ষেপ প্রশংসা কুড়িয়েছিল অনুরাগী থেকে শুরু করে সিনেমাপ্রেমীদের মধ্যে।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক

তবে ‘রামায়ণ’ ঘিরে দর্শকদের আবেগও যে কোনও অংশে কম নয়, তা এবার সামনে এল অন্যভাবে। ছবিতে ভক্তিমূলক পরিবেশ এবং হনুমান চালিশা পাঠের দৃশ্য দর্শকদের মনে বিশেষ প্রভাব ফেলেছে। অনেকের কাছেই প্রেক্ষাগৃহের পরিবেশ যেন মন্দিরের মতো হয়ে উঠতে পারে। সেই আবেগ থেকেই এবার এক অভিনব দাবি তুলেছেন দর্শকদের একাংশ। তাঁদের অনুরোধ, ছবির ৩ ঘণ্টা ১৫ মিনিটের প্রদর্শন চলাকালীন প্রেক্ষাগৃহে যেন শুধুমাত্র নিরামিষ খাবারই পরিবেশন করা হয়। অর্থাৎ, পর্দায় রামের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি প্রেক্ষাগৃহের পরিবেশেও সেই ভাব বজায় রাখার আর্জি দর্শকদের।

দর্শকদের ধর্মীয় আবেগ ও অনুরোধকে গুরুত্ব দিয়েই বিশেষ সিদ্ধান্ত নিয়েছে ‘এসভিএফ সিনেমাস’। ‘রামায়ণ’ ছবির প্রদর্শনের সময় প্রেক্ষাগৃহে শুধুমাত্র নিরামিষ খাবার পরিবেশন করা হচ্ছে। সংস্থার বক্তব্য, কিছু সিনেমার প্রভাব বিনোদনের গণ্ডি পেরিয়ে মানুষের বিশ্বাস ও আবেগের সঙ্গে মিশে যায়। ‘রামায়ণ’-এ হনুমান চালিশা পাঠের দৃশ্য চলাকালীন দর্শকদের মধ্যে যে ভক্তির পরিবেশ তৈরি হয়, তা অনেকটা মন্দিরের আবহের মতো।

সংস্থার মুখপাত্র জানিয়েছেন, এর আগেও একাধিক ছবির ক্ষেত্রে দর্শকদের মধ্যে এমন ধর্মীয় আবেগের প্রকাশ দেখা গিয়েছে। ‘মহাবতার নরসিংহ’ ছবির প্রদর্শনের সময় অনেক দর্শক প্রেক্ষাগৃহে ঢোকার আগে নিজেরাই জুতো খুলে বাইরে রেখে দিয়েছিলেন। আবার ‘হনুমান’ ছবির সময়ও প্রেক্ষাগৃহের ভিতরে শুধুমাত্র নিরামিষ খাবার রাখার অনুরোধ জানিয়েছিলেন দর্শকদের একাংশ। সেই অভিজ্ঞতা থেকেই ‘রামায়ণ’-এর ক্ষেত্রেও দর্শকদের আবেগকে মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংস্থা।

দর্শকদের এই আবেগকে সম্মান জানিয়েই বিশেষ উদ্যোগের কথা জানিয়েছে সংস্থা। বিবৃতিতে বলা হয়েছে, ‘রামায়ণ’ ছবির প্রতিটি শো চলাকালীন প্রেক্ষাগৃহের ভিতরে শুধুমাত্র নিরামিষ খাবারই পাওয়া যাবে। দর্শকরা যাতে নিজেদের ধর্মীয় বিশ্বাস ও অনুভূতিকে সঙ্গে নিয়েই নির্বিঘ্নে ছবিটি উপভোগ করতে পারেন, সেই লক্ষ্যেই এই ব্যবস্থা। তবে এই নিয়ম শুধুমাত্র ‘রামায়ণ’ ছবির প্রদর্শনের জন্যই চালু করা হয়েছে। অন্য সিনেমার ক্ষেত্রে খাবার পরিবেশনের নিয়মে কোনও পরিবর্তন হচ্ছে না। পাশাপাশি প্রেক্ষাগৃহের বাইরের খাবারের কাউন্টারে আগের মতোই নিরামিষ ও আমিষ, দুই ধরনের খাবারই পাওয়া যাবে। অর্থাৎ, দর্শকদের আবেগকে মর্যাদা দিয়েও সংস্থার স্বাভাবিক খাদ্য পরিষেবায় কোনও কাটছাঁট করা হচ্ছে না।