মানুষ মোদীর সঙ্গে, বিজেপির সঙ্গে : শুভেন্দু

উপনির্বাচনের ভোটে উত্তেজনা ছড়াল মুর্শিদাবাদের রেজিনগরে। অন্য দিকে নন্দীগ্রামে ভোট দিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দাবি, ভোট হচ্ছে শান্তিপূর্ণ ভাবেই। মঙ্গলবার নিজের কেন্দ্রে ভোট দেওয়ার পর তাঁর বার্তা, ‘‘মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে রয়েছেন। বিজেপির সঙ্গে রয়েছেন।’’

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক

নন্দীগ্রামে ভোট দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন, দুপুর পর্যন্ত ৫০ শতাংশের বেশি ভোট পড়েছে। তাঁর কথায়, ‘‘ভোট শান্তিপূর্ণ ভাবে হচ্ছে। এখনও পর্যন্ত ৫০ শতাংশ ভোট হয়ে গিয়েছে। মানুষ প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে, বিজেপির সঙ্গে রয়েছেন।’’

তবে একই সময়ে পাশের রেজিনগরে ঘটে অন্য ঘটনা। ভোট চলাকালীন দলীয় কার্যালয় থেকে আটক করা হয় আম জনতা উন্নয়ন পার্টি (এজেইউপি)-র প্রধান তথা বিধায়ক হুমায়ুন কবীরকে। বেলডাঙার মহকুমাশাসক পুলিশ আধিকারিক আনন্দজিৎ হোড় জানান, ভোটের নিয়ম লঙ্ঘনের অভিযোগেই তাঁকে আটক করা হয়েছে।

হুমায়ুনের আটক হওয়া নিয়ে প্রশ্ন করা হলে শুভেন্দু স্পষ্ট করে দেন, ভোটের বিধি সকলের জন্যই সমান। তাঁর বক্তব্য, নিরাপত্তারক্ষী থাকলেই কোনও জনপ্রতিনিধি নিজের নির্দিষ্ট বুথের বাইরে গিয়ে ভোটপ্রক্রিয়ায় হস্তক্ষেপ করতে পারেন না। বলেন, ‘‘আজ আমাকেও আটক করা হতে পারে। আমাদের নিরাপত্তা রয়েছে ঠিকই। কিন্তু বিধায়ক, সাংসদ, মন্ত্রী বা মুখ্যমন্ত্রী— কেউই নিজের নির্দিষ্ট বুথের বাইরে গিয়ে ভোটে হস্তক্ষেপ করতে পারেন না।’’

ভোট পরিচালনায় রাজ্য সরকারের কোনও ভূমিকা নেই বলেও দাবি করেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, কোনও অভিযোগ থাকলে নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট আধিকারিক বা পুলিশ পর্যবেক্ষকের কাছে তা জানাতে হবে।

অন্য দিকে, ভোট দেওয়ার পর হুমায়ুন অভিযোগ করেন, রেজিনগরের একাধিক বুথে পুলিশ ভোটপ্রক্রিয়ায় হস্তক্ষেপ করছে। গত দু’মাসে ৬৪ জনকে আটক করা হয়েছে বলেও দাবি তাঁর।

নন্দীগ্রামে শুভেন্দু দু’টি আসনে জয় পাওয়ার পর একটি আসন ছেড়ে দেওয়ায় উপনির্বাচন হচ্ছে। রেজিনগরেও হুমায়ুন কবীর নওদা আসন ধরে রাখায় ওই কেন্দ্রটি খালি হয়েছিল। দু’টি আসনেই মঙ্গলবার ভোট হয়েছে।