সুপ্রিম কোর্টের সামনে বিরোধীদের প্রতিবাদ মিছিল ঘিরে নতুন বিতর্ক। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং তাঁর নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ তুললেন সাংবাদিক রিচা পরাশর।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক
সাংবাদিক রিচার পরাশরের দাবি, সোমবারের মিছিলের সময়ে ধাক্কাধাক্কিতে সিঁড়িতে পড়ে যান তিনি। ওই সাংবাদিক অন্তঃসত্ত্বা। ঘটনার পরে তাঁকে দিল্লির গঙ্গারাম হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
রিচার অভিযোগ, সুপ্রিম কোর্টের সামনে রাহুলের মিছিলের ছবি তুলছিলেন তিনি। সেই সময়ে আচমকাই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তাঁর দাবি, রাহুল তাঁর হাত ধরে টান দেন। একই সময়ে কংগ্রেস নেতার নিরাপত্তারক্ষীরা তাঁকে ধাক্কা দেন। ভারসাম্য হারিয়ে সিঁড়িতে পড়ে যান তিনি। তাঁর মোবাইল ফোনটিও ভেঙে যায় বলে দাবি করেছেন ওই সাংবাদিক।
রিচার আরও অভিযোগ, পড়ে যাওয়ার পরেও তাঁর সাহায্যে কেউ এগিয়ে আসেননি। বরং তাঁর দাবি, তাঁর কথা চাপা দিতে সেখানে উপস্থিত কংগ্রেস সমর্থকেরা ‘রাহুল গান্ধী জিন্দাবাদ’ স্লোগান দিতে থাকেন। ঘটনার আকস্মিকতায় তিনি কান্নায় ভেঙে পড়েছিলেন বলেও জানিয়েছেন রিচা। তাঁর দাবি, তিনি অন্তঃসত্ত্বা হওয়ার প্রথম তিন মাসের মধ্যে রয়েছেন। পড়ে যাওয়ার সময়ে পেটে আঘাত লাগতে পারে, এই আশঙ্কায় আতঙ্কিত হয়ে পড়েন তিনি।
সাংবাদিকের বক্তব্য, প্রথমে নিজের সংস্থাকেও ঘটনার কথা জানাতে চাননি তিনি। কিন্তু পেটে অসহ্য যন্ত্রণা শুরু হওয়ায় নার্সকে সব জানান। এর পরেই তাঁকে হাসপাতালে পরীক্ষা করানো হয়। অন্তঃসত্ত্বা হওয়ার কথা জানার পরে এক্স-রে বন্ধ করে আলট্রাসাউন্ডের ব্যবস্থা করা হয়েছিল বলে দাবি রিচার।

ঘটনার পরে সমাজমাধ্যমে তাঁকে নিয়ে কটাক্ষ করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন ওই সাংবাদিক। তাঁর দাবি, কেউ কেউ ঘটনাটিকে সাজানো বা রাজনৈতিক প্রচার বলে দাবি করছেন। ঋচার বক্তব্য, সাংবাদিক হিসাবে প্রতিবাদ কর্মসূচির খবর সংগ্রহ করাই তাঁর কাজ। অন্তঃসত্ত্বা বলেই যে তিনি পেশাগত দায়িত্ব পালন করতে পারবেন না, এমন নয়।
রাহুলের উদ্দেশে রিচার বার্তা, রাজনৈতিক মতাদর্শ যা-ই হোক, সকলের সঙ্গে মানবিক আচরণ করা উচিত। তবে সাংবাদিকের এই অভিযোগ অস্বীকার করেছে কংগ্রেস।