পুজোয় কি বৃষ্টিতে ভাসবে বাংলা?

পুজোর প্রাক্কালে নিম্নচাপের পূর্বাভাস। মহালয়া থেকে দশমী পর্যন্ত কেমন থাকবে আবহাওয়া ? জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর।

সুস্মিত মজুমদার, নিজস্ব সংবাদদাতা

মহালয়া থেকেই কি বৃষ্টিতে ভাসবে বাংলা? পুজোর মুখে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা ঘিরে আবহাওয়া নিয়ে কৌতূহল বাড়ছে। তবে এখনই উদ্বেগের কোনও কারণ দেখছে না আলিপুর আবহাওয়া দফতর। অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, থাইল্যান্ড উপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তটি ক্রমে আন্দামান সাগর এবং পরে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের দিকে এগোতে পারে। কিন্তু তার সরাসরি বা বড় কোনও প্রভাব পশ্চিমবঙ্গে পড়ার সম্ভাবনা নেই বলেই পূর্বাভাস।

আবহাওয়া দফতর সূত্রে খবর, ১১ তারিখ নাগাদ ঘূর্ণাবর্তটি আন্দামান সাগরে পৌঁছতে পারে। ১৩ তারিখ নাগাদ তা নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। পরে সেটি উত্তর তামিলনাড়ু ও দক্ষিণ অন্ধ্রপ্রদেশের দিকে সরে যেতে পারে। ফলে নিম্নচাপ বা ঘূর্ণিঝড় নিয়ে এখনই আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই বলে জানিয়েছেন হাবিবুর।

দক্ষিণবঙ্গে মহালয়া, অর্থাৎ ১০ তারিখ থেকে ১৩ তারিখ পর্যন্ত অধিকাংশ জেলাতেই মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। দু-এক জায়গায় খুব হালকা বৃষ্টি হতে পারে। তবে ১৪ তারিখ থেকে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের কয়েকটি জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। ১৫ থেকে ১৭ তারিখ পর্যন্ত উপকূলের জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১৮ থেকে ২২ তারিখ পর্যন্ত ফের মূলত শুষ্ক আবহাওয়া থাকার পূর্বাভাস।

উত্তরবঙ্গে মহালয়ার দিন দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ১১ থেকে ১৫ তারিখ পর্যন্ত আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। ১৬ ও ১৭ তারিখে কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও ১৮ থেকে ২২ তারিখ পর্যন্ত শুষ্ক আবহাওয়াই বজায় থাকার কথা।

কলকাতা ও সংলগ্ন এলাকায় মহালয়া থেকে ১৩ তারিখ পর্যন্ত আংশিক মেঘলা আকাশ থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা ৩২-৩৩ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৫-২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ১৪ থেকে ১৭ তারিখ মেঘের পরিমাণ বাড়বে। তার পর ১৮ থেকে ২২ তারিখ পর্যন্ত মূলত শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস। অর্থাৎ, পুজোয় বৃষ্টির কিছুটা সম্ভাবনা থাকলেও আপাতত বড় দুর্যোগের আশঙ্কা দেখছে না হাওয়া অফিস।