কল্যাণীর কাছে নতুন বিমানবন্দর, প্রথম বাজেটে বড় ঘোষণা বিজেপি সরকারের।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক : রাজ্যে শিল্প, পরিকাঠামো এবং নবীকরণযোগ্য শক্তির উপর জোর দিয়ে বিধানসভায় প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করল পশ্চিমবঙ্গের বিজেপি সরকার। সোমবার অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত ২০২৬-২৭ অর্থবর্ষের জন্য ৪ লক্ষ ৩৮ হাজার ৭৭৫ কোটি ২৯ লক্ষ টাকার বাজেট পেশ করেন। আর সেই বাজেটেই কলকাতার কাছে কল্যাণী সংলগ্ন এলাকায় নতুন গ্রিনফিল্ড বিমানবন্দর তৈরির ঘোষণা করা হয়েছে।
বিধানসভায় বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, যাত্রী চাপের কারণে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর বর্তমানে প্রবল চাপের মুখে। ক্রমবর্ধমান যাত্রী সংখ্যা এবং আঞ্চলিক অর্থনীতির প্রসারের কথা মাথায় রেখেই কলকাতার দ্বিতীয় বিমানবন্দর তৈরির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ জন্য কল্যাণীর কাছে ১,০০০ থেকে ১,৫০০ একর জমি চিহ্নিত করা হবে বলে জানান তিনি।
রাজ্যে কেন্দ্রীয় প্রকল্পগুলি কার্যকর করার প্রতিশ্রুতি আগেই দিয়েছিল বিজেপি। সেই প্রতিশ্রুতিরই প্রতিফলন দেখা গেল বাজেটে। ‘পিএম সূর্য ঘর: মুফ্ত বিজলি যোজনা’-র আওতায় আগামী দিনে রাজ্যে দু’লক্ষ ছাদ-ভিত্তিক সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপনের লক্ষ্য নেওয়া হয়েছে। অর্থমন্ত্রী জানান, গ্রামীণ এলাকাকে শক্তিক্ষেত্রে স্বনির্ভর করে তোলা এবং সৌরশক্তির ব্যবহার বাড়াতেই এই উদ্যোগ।

এই প্রকল্পের জন্য বাজেটে ১০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। পাশাপাশি, তফসিলি জাতি ও তফসিলি জনজাতি পরিবারের জন্য অতিরিক্ত ৫ হাজার টাকা ভর্তুকির ঘোষণাও করা হয়েছে। শিল্পক্ষেত্রে সস্তায় বিদ্যুৎ পৌঁছে দেওয়া এবং পরিবেশবান্ধব শক্তির ব্যবহার বাড়াতে ‘ওপেন অ্যাকসেস’ নীতিও আনার কথা জানিয়েছে সরকার।
বাজেট বক্তৃতায় স্বপন দাশগুপ্ত বলেন, ‘‘সৌরবিদ্যুতের উৎপাদন ও ব্যবহার বাড়ানোর মাধ্যমে একদিকে যেমন শিল্পে সুলভ বিদ্যুৎ পৌঁছে দেওয়া যাবে, তেমনই জলবায়ু সংক্রান্ত লক্ষ্যপূরণেও সাহায্য করবে এই উদ্যোগ।’’

এ দিনের বাজেট পেশ ঘিরে ছিল বাঙালিয়ানার ছোঁয়াও। বাজেটের নথি রাখা হয়েছিল ঐতিহ্যবাহী বাংলা মাদুর ও পাট দিয়ে তৈরি বিশেষ ফোল্ডারে। বাজেট পেশের আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং অর্থমন্ত্রী বিধানসভায় পুজোও দেন।
প্রথম বাজেটেই পরিকাঠামো উন্নয়ন, নবীকরণযোগ্য শক্তি এবং কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়নে জোর দিয়ে রাজনৈতিক মহলে তাৎপর্যপূর্ণ বার্তা দিল রাজ্যের নতুন বিজেপি সরকার।