উৎসবের মরশুমে রাজ্যগুলির হাতে বাড়তি অর্থ তুলে দিতে বড় সিদ্ধান্ত কেন্দ্রের। সাধারণ সময়ের পাঁচ দিন আগেই রাজ্যগুলির জন্য করের ভাগ ছাড়ল কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার এক ধাক্কায় রাজ্যগুলিকে দেওয়া হয়েছে ১ লক্ষ ৯ হাজার ১৯ কোটি টাকা। তার মধ্যে পশ্চিমবঙ্গের ভাগে এসেছে ৭৮৬৬ কোটি টাকা।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক
সাধারণত প্রতি মাসের ১০ তারিখে কেন্দ্রের তরফে রাজ্যগুলিকে করের এই কিস্তি দেওয়া হয়। কিন্তু উৎসবের মরশুমে রাজ্যগুলির মূলধনী খাতে ব্যয় বৃদ্ধি এবং উন্নয়ন ও জনকল্যাণমূলক প্রকল্পের খরচ মেটানোর সুবিধার জন্য এ বার আগেভাগেই অর্থ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। ফলে ১০ নভেম্বরের পরিবর্তে ৫ নভেম্বরই রাজ্যগুলির অ্যাকাউন্টে পৌঁছে গিয়েছে ওই অর্থ।
কেন্দ্রের আশা, অতিরিক্ত অর্থ হাতে আসায় রাজ্যগুলি উন্নয়নমূলক প্রকল্পে খরচের গতি বাড়াতে পারবে। একই সঙ্গে উৎসবের মরশুমে তৈরি হওয়া বাড়তি আর্থিক চাপও সামাল দেওয়া সহজ হবে। শুধু পশ্চিমবঙ্গ নয়, একই ভাবে অন্যান্য রাজ্যও কেন্দ্রের করের ভাগ আগাম পেয়েছে। কেন্দ্রের মূল লক্ষ্য, উৎসবের সময়ে রাজ্যগুলির হাতে থাকা এই অর্থ উন্নয়ন ও পরিকাঠামো খাতে দ্রুত খরচ করা। তাতে বাজারে অর্থের প্রবাহ বাড়বে এবং অর্থনীতিতে চাহিদা তৈরি হবে বলে মনে করছে কেন্দ্র।
রাজনৈতিক ভাবেও বাংলার ক্ষেত্রে এই বরাদ্দ তাৎপর্যপূর্ণ। অতীতে তৃণমূল সরকারের সঙ্গে কেন্দ্রের সম্পর্ক নিয়ে বার বার সংঘাত তৈরি হয়েছে। কেন্দ্রীয় প্রকল্পের বাস্তবায়ন, অর্থ বরাদ্দ এবং শর্তপূরণ নিয়ে দুই সরকারের মধ্যে চাপানউতোরও কম হয়নি। তবে রাজ্যে পালাবদলের পর কেন্দ্র-রাজ্য সমন্বয় অনেকটাই মসৃণ হয়েছে। কেন্দ্রীয় প্রকল্প ও উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়নে দুই সরকার যৌথ ভাবে কাজ করছে। করের ভাগ আগাম পাওয়াকে সেই সমন্বয়েরই অন্যতম নজির হিসাবে দেখছে রাজনৈতিক মহলের একাংশ।