হাসিনা ফিরছেন বেনাপোল দিয়েই ?

বাংলাদেশে ফেরার রাস্তা কি এবার খুঁজে ফেলেছেন শেখ হাসিনা? কোন সীমান্ত দিয়ে দেশে ফিরবেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী? এবার কি সেই উত্তর মিলতে চলেছে পেট্রাপোল-বেনাপোল সীমান্তেই? কারণ, রবিবার আচমকাই পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্তে হাজির আওয়ামী লীগের চার শীর্ষ নেতা। প্রায় দু’ঘণ্টা ধরে সীমান্তের ইমিগ্রেশন এলাকায় তাঁদের তৎপরতা ঘিরে শুরু হয়েছে নতুন জল্পনা। আর ঠিক সেই সময়েই পেট্রাপোল-বেনাপোল সীমান্তে দাঁড়িয়ে শেখ হাসিনার বাংলাদেশে ফেরার পক্ষে সওয়াল করলেন পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া এবং বিজেপি বিধায়ক স্বপন মজুমদার। এমনকী, হাসিনা কবে ফিরবেন, সেই দিন আর বেশি দূরে নয় বলেও দাবি করেছেন বিজেপি বিধায়ক।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক

পেট্রাপোলের ওপারে বাংলাদেশের বেনাপোল সীমান্তে বাড়ানো হয়েছে বিজিবির নজরদারি। তাহলে কি সত্যিই শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘিরে তৈরি হচ্ছে নতুন কোনও রাজনৈতিক সমীকরণ? কোন পথে ফিরতে পারেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী? আর তাঁর ফেরার সম্ভাবনায় কতটা প্রস্তুত বাংলাদেশ সীমান্ত?

২০২৪ সালের ৫ অগাস্ট। গণঅভ্যুত্থানের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। তারপর থেকে ভারতেই রয়েছেন তিনি। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি বদলেছে। আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হয়েছে। আর এই পরিস্থিতিতেই এবার সামনে এল হাসিনার দেশে ফেরার সম্ভাব্য পথ খোঁজার তৎপরতা।

রবিবার, কলকাতার নিউ টাউন থেকে পেট্রাপোল সীমান্তের উদ্দেশে রওনা দেন আওয়ামী লীগের চার শীর্ষ নেতা। তাঁদের মধ্যে ছিলেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক এ এফ এম বাহাউদ্দিন নাছিম এবং প্রাক্তন সাংসদ আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম।

কিন্তু কেন হঠাৎ সীমান্ত পরিদর্শন? শুধুই কি পরিস্থিতি পর্যবেক্ষণ, নাকি শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তনের রুট খতিয়ে দেখতেই এই সফর? আওয়ামী লীগ সূত্রের দাবি, ধাপে ধাপে বিভিন্ন সীমান্ত এলাকা পরিদর্শন করা হচ্ছে। তবে হাসিনা ঠিক কোন পথ দিয়ে বাংলাদেশে ফিরবেন, তা এখনও চূড়ান্ত হয়নি। পেট্রাপোলের পাশাপাশি ত্রিপুরার আগরতলা-আখাউড়া সীমান্তপথও খতিয়ে দেখার সম্ভাবনা রয়েছে।

আর এখানেই সবচেয়ে বড় রাজনৈতিক সমাপতন। যে দিন আওয়ামী লীগের নেতারা পেট্রাপোল সীমান্ত পরিদর্শন করছেন, ঠিক সেই দিনই সীমান্তের কাছেই বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সরব বিজেপি নেতৃত্ব। চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তি, বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের দাবিতে সভা ও মিছিলের আয়োজন করে হিন্দু সুরক্ষা সমিতি। সেই সভায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া এবং বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়ার বক্তব্য, শেখ হাসিনাকে অন্যায়ভাবে দেশছাড়া করা হয়েছে। তাঁর দেশে ফেরা উচিত। বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং মানুষের স্বার্থের কথা তুলে ধরেও তাঁর প্রত্যাবর্তনের পক্ষে সওয়াল করেন তিনি।

অন্যদিকে, আরও একধাপ এগিয়ে যান বিজেপি বিধায়ক স্বপন মজুমদার। তাঁর বক্তব্য, কলকাতা থেকে যশোর রোড হয়ে বনগাঁ এবং পেট্রাপোল সীমান্ত দিয়েই বাংলাদেশে প্রবেশ করতে পারেন শেখ হাসিনা। এমনকী, তাঁর দেশে ফেরার দিন আর বেশি দূরে নয় বলেও মন্তব্য করেন তিনি।

অর্থাৎ, একদিকে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের সীমান্ত পরিদর্শন, অন্যদিকে বিজেপি নেতৃত্বের প্রকাশ্যে হাসিনার ফেরার পক্ষে সওয়াল। দুই ঘটনাকে ঘিরেই বাড়ছে রাজনৈতিক জল্পনা। এই ঘটনার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক সম্ভবত পেট্রাপোলের উল্টোদিকে। অর্থাৎ বাংলাদেশের বেনাপোল সীমান্তে।

আওয়ামী লীগ নেতাদের সীমান্ত পরিদর্শন এবং শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে জল্পনা ছড়াতেই বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট এলাকায় সতর্কতা বাড়িয়েছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। রবিবার বিকেল থেকেই সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলিতে বাড়ানো হয়েছে নজরদারি ও টহল। যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান নিজেও চেকপোস্ট এলাকা পরিদর্শন করেন। সঙ্গে ছিলেন ব্যাটালিয়নের সহকারী অধিনায়ক মেজর মাসেদ।

অর্থাৎ, ওপারে আওয়ামী লীগের নেতাদের সীমান্ত পরিদর্শন, আর এপারে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর বাড়তি সতর্কতা। দুই দেশের সীমান্ত ঘিরে তৈরি হয়েছে নতুন রাজনৈতিক ও নিরাপত্তার সমীকরণ।

এখন সবচেয়ে বড় প্রশ্ন, সত্যিই কি পেট্রাপোল সীমান্ত দিয়েই বাংলাদেশে ফিরবেন শেখ হাসিনা? আওয়ামী লীগের নেতাদের সীমান্ত পরিদর্শন কি শুধুই সম্ভাব্য পথ খোঁজার প্রাথমিক পদক্ষেপ, নাকি এর পিছনে রয়েছে আরও বড় কোনও রাজনৈতিক পরিকল্পনা? একটা বিষয় স্পষ্ট, বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার প্রত্যাবর্তনের প্রশ্ন আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। আর সেই প্রত্যাবর্তনের সম্ভাব্য পথ হিসেবে এবার উঠে আসছে পেট্রাপোল সীমান্তের নাম।

এখন দেখার, পেট্রাপোল থেকেই কি বাংলাদেশের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হয়, নাকি এই সীমান্ত পরিদর্শন শুধুই রাজনৈতিক বার্তা দিয়েই শেষ হয়। শেষ পর্যন্ত শেখ হাসিনার প্রত্যাবর্তনের রাস্তা কি খুলবে, নাকি সীমান্তেই আটকে যাবে আওয়ামী লীগের এই পরিকল্পনা?